অলস্পোর্ট ডেস্ক: বিসিসিআই এখন বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড। আইসিসির মোট বার্ষিক আয় থেকে একটা বড় অংশ পায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এই বছর ঘোষণা করা হয়েছিল ভারত ২০২১-২২ অর্থবর্ষে ২৩০ মার্কিন ডলার আয় করবে। অতিরিক্ত আয়ের কারণে বোর্ডের তরফে সরকারকে বিশাল অঙ্কের আয়কর দিয়েছে। এবছর তারা মোট ১১৫৯ কোটি টাকা আয়কর জমা করেছে। যা গত বারের থেকে ৩৭ শতাংশ বেশি।
রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিতভাবে পাঁচ বছরে বিসিসিআই কত টাকা আয়কর দিয়েছে এবং তাঁদের মোট আয় ব্যয়ের হিসেব দিয়েছেন।
বিসিসিআই-এর আয়ের প্রধান উৎস হল আইসিসির মোট লাভের অংশ। এছাড়াও তাঁদের আয়ের বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে আইপিএল-এর। এই মুহূর্তে সব থেকে লাভজনক এবং বড় টুর্নামেন্ট এটা। এখান থেকে বিপুল পরিমাণ অর্থলাভ করে বিসিসিআই। খেলোয়াড়দের অংশগ্রহণ এবং স্পনসরশিপ উভয়দিক থেকেই আইপিএল বিশ্বের সবচেয়ে লাভজনক ক্রিকেট লিগ। আশা করা যায় ভবিষ্যতে এই লিগ আরও শক্তিশালী হয়ে উঠবে।
এর আগে ২০২০-২১ অর্থবর্ষে বিসিসিআই ৮৪৪.৯২ কোটি টাকা আয়কর করেছিল। যা ২০১৯-২০-র থেকে সামান্য কম। ২০১৯-২০ অর্থবর্ষে তাঁরা ৮৮২.০৮ কোটি টাকা আয়কর দিয়েছিল।
অর্থবর্ষ ২০১৮-১৯-এ ৮১৫.০৮ টাকা আয়কর দিয়েছিল বোর্ড যা ২০১৭-১৮-তে দেওয়া আয়করের তুলনায় অনেকটাই বেশি। ২০১৮ অর্থবর্ষে তাঁরা মোট ৫৯৬.৬৩ কোটি টাকা আয়কর দিয়েছিল।
২০২১-২২-এ মোট ৭৬০৬ কোটি টাকা আয় করেছে বোর্ড। সেখানে তাঁদের ব্যয় হয়েছে ৩০৬৪ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে বিসিসিআই-এর মোট আয় হয়েছিল ৪৭৩৫ টাকা এবং ব্যয় হয়েছিল ৩০৮৯ কোটি টাকা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
