অলস্পোর্ট ডেস্ক: প্রায় ১১ মাস পর মাঠে ফিরতে চলেছেন যশপ্রীত বুমরা । এবার তাঁর ঘারে দায়িত্ব থাকছে ভারতীয় দলের অধিনায়কত্বের। আয়ারল্যান্ড সফরে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন। সুস্থ হয়ে ওঠার পর এত বড় দায়িত্ব তিনি কীভাবে সামলান তা দেখার জন্যই এখন তাঁর ওপর সবার নজর।
তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হতে চলেছে শুক্রবার থেকে। আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে থাকছেন পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা। রিঙ্কু সিং থেকে রুতুরাজ গায়কোয়াড়, জিতেশ শর্মা যাঁরা এবছর আইপিএলে অসাধারণ পারফর্ম করেছেন। এই তরুণ ক্রিকেটারদের দিকে সবার নজর থাকলেও ক্রিকেট বোর্ডের নজরে থাকবে বুমরার ওপর। ওডিআই বিশ্বকাপ শুরু হতে মাত্র দু’মাস বাকি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচই ঠিক করে দেবে ভারতীয় দলে বুমরা জায়গা করে নিতে পারবেন কিনা।
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে খেলতে গিয়েই চোট পান বুমরা। পিঠে চোট পেয়ে এতদিন মাঠের বাইরে ছিলেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। আসন্ন তিন ম্যাচের আয়ারল্যান্ড সফরে পাঁচ দিনে খুব বেশি হলে ১২ ওভার বল করবেন বুমরা। তাঁর মধ্যেই তাঁকে দেখে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। এই ম্যাচে তাঁর ফিটনেস দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ভারতের বিশ্বকাপ দলে তিনি থাকবেন কিনা। নির্বাচক প্রধান অজিত আগরকর, ওডিআই অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় এই সিদ্ধান্ত নেবেন।
আয়ারল্যান্ড সিরিজ বুমরার জন্য একটা বড় সুযোগ। এখানেই তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন। এই ম্যাচই তাঁকে এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে। আয়ারল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবিনি। তাঁর দলে রয়েছেন হ্যারি টেক্টর, লোকারান টুকে, বাঁ-হাতি স্পিনার জর্জ ডকরেলের মতো ক্রিকেটাররা।
বুমরার মতোই চোট পেয়ে বাইরে ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। তিনিও ফিরছেন ভারতীয় দলে। এশিয়া কাপের আগে এই তিন ম্যাচের সিরিজেই নির্বাচকরা দেখে নেবেন প্রসিদ্ধ কৃষ্ণার পারফর্ম্যান্স। বড় ম্যাচের কথা মাথায় রেখেই ম্যানেজমেন্ট দল সাজিয়েছে।
ভারত: যশপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ, আর্শদীপ সিং, মুকেশ কুমার, আভেশ খান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
