লিও মেসি সৌজন্যে: টুইটার
অলস্পোর্ট ডেস্ক: ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই লিওনেল মেসি-কে আরও বেশি প্রানবন্ত ভাবে পেয়েছেন সকলেই। বৃহস্পতিবার সে কথা নিজের মুখেই জানালেন এলএম১০। তিনি বলেছেন ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে যে আনন্দ তিনি পেয়েছেন তা তিনি কখনওই বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়ে পাননি। বরং মেজর সকার লিগে যোগ দেওয়া আর প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দেওয়ার অভিজ্ঞতা ছিল সম্পূর্ন বিপরীত। মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে পরপর ছ’টি ম্যাচে ন’টি গোল করেছেন তিনি। মিয়ামিতে আসার পর প্রথমবার প্রানবন্ত মেসি স্থানীয় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন দক্ষিণ ফ্লোরিডায় তিনি সুন্দর একটি জীবনযাপন করছেন যা প্যারিসের সম্পূর্ন বিপরীত।
মেসি বলেন, ‘‘আমি আগেও বলেছিলাম প্যারিসে আমার যোগ দেওয়াটা আমি কখনওই মন থেকে চাইনি, আমি বার্সেলোনাও ছেড়ে আসতে চাইনি। সত্যি বলতে তখন একটা একটা করে দিন কাটাচ্ছিলাম।‘‘
‘‘সত্যি বলতে আমাকে সম্পূর্ন এক আলাদা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল। আমি সারাজীবন যে শহরে, যে ধরনের খেলাধুলোর পরিবেশে অভ্যস্থ ছিলাম তার থেকে সম্পূর্ন আলাদা এক জীবনে। এটা খুবই কঠিন ছিল এবং বর্তমানে আমি যেখানে আছি তার থেকে পুরোপুরি আলাদা ছিল,‘‘ বলেছেন মেসি।
প্রায় ১৩ বছর বয়স থেকে বার্সেলোনাতে ছিলেন মেসি। নিজের দেশ ছেড়ে চলে গিয়ে ছোট্ট মেসি যোগ দিয়েছিলেন বার্সেলোনা অ্যাকাডেমিতে। অ্যাকাডেমি থেকে সিনিয়র ক্লাব ফুটবলে দীর্ঘ সাফল্যের পর ক্লাবের আর্থিক অবনতির জন্য বার্সেলোনা ছাড়েন মেসি।
আগে এমনও শোনা গিয়েছিল মেসি আবার বার্সেলোনাতে যোগ দিতে পারেন। সম্প্রতি যেখানে সব ফুটবলারদেরই সৌদির ক্লাবগুলির প্রতি ঝোঁক বাড়ছে, সেখানে মেসি জানিয়েছেন তিনি তাঁর সিদ্ধান্তেই খুশি।
আর্জেন্তাইন ফুটবল তারকা বলেন, ‘‘আমি মন থেকে বলছি যে সিদ্ধান্ত আমি নিয়েছি,যেটা শুধুমাত্র খেলার জন্যই নয়। আমার পরিবার, আমরা কিভাবে জীবনযাপন করছি, কিভাবে এই শহরটাকে উপভোগ করছি। সম্পূর্ন নতুন এক অভিজ্ঞতা। মিয়ামিতে আসার প্রথম দিন থেকেই এখানকার মানুষদের আন্তরিকতা আমার মন জয় করেছে।’’
‘‘আমি দলের সঙ্গে অনেক জায়গায় সফর করেছি এবং আমার প্রতি মানুষের ভালোবাসা আমাকে বেঁচে থাকার আনন্দ দিয়েছে। আমি সত্যিই খুবই আপ্লুত এবং আমি সত্যিই খুব খুশি যে সময় জীবন উপভোগ করছি তার জন্য এবং আমি আমার জীবনে যা চেয়েছি সেটাই পেয়েছি। যে রকমভাবে খেলতে চেয়েছি সেরকমভাবেই খেলেছি।’’ তিনি জানিয়েছেন এইবারের সিদ্ধান্ত তাঁর পরিবারকে সঙ্গে নিয়েই নিয়েছিলেন তিনি।
সাতবার ব্যালন ডি’ওর জয়ী এই চ্যাম্পিয়নের কাছে শনিবার মিয়ামির হয়ে নাশভিলের বিরুদ্ধে লিগ কাপের ফাইনালে প্রথম ট্রফি তুলে নেওয়ার সুযোগ থাকছে। যদি তিনি সফল হন তাহলে তৃতীয় মরসুমে এটি হবে ক্লাবের হয়ে তাঁর প্রথম ট্রফি জয় করা।
‘‘এটা যদি সত্যি হয় তাহলে দারুন হবে,তাই নয় কি? আমার জন্য এবং যারা এই ক্লাবের সমর্থক তাঁদের সকলের জন্য এবং সর্বোপরি ক্লাবের নিজের জন্য,’’ তিনি বলেছেন।
সকলেই আশা রাখছেন যে এই আর্জেন্তাইন ফুটবল তারকার হাত ধরেই আমেরিকান ফুটবল এক নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে। যদিও মেসি বলছেন তিনি শুধুমাত্রই ফুটবল উপভোগ করছেন।
মেসি বলেন, ‘‘ সত্যি হল আমি এত কিছু নিয়ে ভাবছি না, আমি এখানে এসেছি ফুটবলের জন্য। যেটাকে সারা জীবনই আমি প্রাধান্য দিয়ে এসেছি। আমি এই জায়গা নির্বাচন করেছিলামই সেই উদ্দেশ্যে। আমি এই শহরকে ভালভাবে বুঝতে শুরু করেছি। এখানকার মানুষদের বুঝতে পারছি। আমি এখনই ভালোবেসে ফেলেছি এই শহরকে। প্রত্যেক দিনের জীবনযাপন এবং সময় কাটানো সঙ্গে সঙ্গে এই শহরের আরও কাছে পৌঁছে দিচ্ছে আমাকে।’’
মেসি জানিয়েছেন তাঁর পরিবার এই শহরে খুব ভালভাবেই নিজেদের গুছিয়ে নিয়েছে। যদিও তাঁরা এখনও একটি স্থায়ী বাসস্থান পাননি এই অঞ্চলে। তিনি বলেছেন দক্ষিণ ফ্লোরিডায় স্প্যানিশে কথা বলা কমিটির সদস্য হতে পেরে খুবই উপভোগ করছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
