অস্ত্রোপচারের পর ভিনেশ ফোগাত
অলস্পোর্ট ডেস্ক: হাঁটুর চোটের কারণে এশিয়ান গেমস-২০২৩ থেকে সরে দাঁড়িয়েছেন ভিনেশ ফোগত । জনপ্রিয় এই কুস্তিগীর ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। যা নিয়ে তার পর বড় বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত চোটের জন্য এশিয়ান গেমসেই যাওয়া হল না তাঁর। এদিন তাঁর চোটের জায়গায় অস্ত্রোপচার হয়েছে। তিনি টুইট করে নিজের এই অবস্থার কথা আগাম জানিয়েছিলেন এবং সঙ্গে এও জানান মুম্বইতে তাঁর অস্ত্রোপচার করা হবে। ১৭ অগস্ট তাঁর অস্ত্রোপচার সফলভাবে হওয়ার পর তিনি তাঁর ডাক্তার ও ভক্তদের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন তাঁর টুইটার হ্যান্ডলে।
তিনি টুইটে লেখেন, ‘‘যখনই আমি ভেঙে পড়েছি, আপনি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। ঠিক যেমনভাবে ভগবানের উপর আমার আস্থা, আপনাদের উপরেও আমার বিশ্বাস ঠিক ততটাই। আজ আমি আপনাকে শুধু আমার ডাক্তার হিসাবেই নয়, বরং জীবনের গাইড হিসাবেও মানি। আপনার সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন আমাকে আত্মবিশ্বাস, আশা, ও মনোবল দেয় ঘুরে দাঁড়াবার। আমি আপনাকে সবকিছুর জন্য অনেক ধন্যবাদ জানাই স্যর, আমি নিশ্চিত আমি আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ফিরব এবং এই মূল্যবান সময়টিকে জীবনশিক্ষা হিসাবে গ্রহণ করব।’’
গত ১৫ অগস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ভিনেশ টুইট করে বলেছিলেন, ‘‘আমি একটি অত্যন্ত দুঃখজনক খবর শেয়ার করতে চলেছি। ১৩ অগস্ট ২০২৩-এ আমি অনুশীলনের সময় আমার বাঁ হাঁটুতে চোট পেয়েছিলাম। পরীক্ষা করার পর ডাক্তার বলেছেন যে দুর্ভাগ্যবশত, অস্ত্রোপচারই একমাত্র বিকল্প আমার সুস্থ হয়ে ওঠার জন্য। আমার ১৭ অগস্ট মুম্বইতে অস্ত্রোপচার হবে।’’
ভিনেশ তাঁর ভক্তদের উদ্দেশে লেখেন, “আমি আমার সমস্ত ভক্তদের আমাকে সমর্থন করার জন্য অনুরোধ করতে চাই, যাতে আমি শীঘ্রই একটি শক্তিশালী কামব্যাক করতে পারি এবং প্যারিস ২০২৪ অলিম্পিকের জন্য প্রস্তুত করতে পারি নিজেকে। আপনাদের সমর্থন আমাকে অনেক শক্তি দেবে।’’
এছাড়া ভিনেশ কুস্তি ফেডারেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আর্জি জানান, তাঁর বদলে যাতে অন্য রিজার্ভ খেলোয়াড়কে এশিয়ান গেমসে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ভিনেশের না খেলতে পারায় কুস্তিগীর অন্তিম পঙ্গলকে তাঁর জায়গায় পাঠানো হতে পারে। কারণ এশিয়ান গেমসের ট্রায়াল পর্ব জিতেছিলেন পঙ্গল এবং স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছিল তাঁকে।
চিনের হ্যাংঝৌতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের আসর বসতে চলেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
