Cart Total Items (0)

Cart

All Sports
কার্লোস আলকারাজ

অলস্পোর্ট ডেস্ক: টেনিস বিশ্বে এক নম্বরে থাকা কালের্স আলকারাজ আবারও একবার প্রমাণ করলেন তিনি কেন বিশ্বসেরা। সিনসিনাটি ওপেন-এর সেমিফাইনালে তিন সেটের ম্যাচে আলকারাজ হারিয়ে দেন পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে। প্রথম সেটে আলকারাজ হেরে গেলেও পরের সেট থেকেই ম্যাচের দখল নেন তিনি। তিন সেটে ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-৬,৭-৬ (৭-৪), ৬-৩।

অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা নোভাক জকোভিচ জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে শনিবার হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন। জকোভিচ এবং আলেকজান্ডারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল ম্যাচের শুরু থেকেই। ৭-৬ (৭/৫), ৭-৫-এ জকোভিচ ম্যাচ জিতে যান। খেলার মাঝে জকোভিচ কিছুটা লক্ষ্যভ্রষ্ট হলেও তিনি আবার খেলায় ফেরেন। এবং জয় নিয়ে আসেন নিজের দিকে।

জকোভিচ বলেন, ‘‘আমি খুবই খারাপ খেলেছি কিন্তু আমি আবার ফিরে এসেছি খেলায়। দ্বিতীয় সেটের ১২ নম্বর গেমে আমি খেলার হাল ধরি। আমি আরও ভাল খেলতে পারতাম। কিন্তু আমি খুশি যে আমি স্ট্রেট সেটে জিততে পেরেছি। ফাইনালে বিশ্বের এক নম্বর এবং দু’নম্বর মুখোমুখি হতে চলেছে। আমার মনে হয় এটাই সবাই চাইছিল।’’

শনিবার দু’ঘন্টা ১৮ মিনিটের লড়াই শেষে আলকারাজ ম্যাচ জিতে নেন। এই নিয়ে তিনি মোট ৫৩টি ম্যাচ জিতলেন তিনি। এই ম্যাচ জিতে ২০ বছরের আলকারাজ বিশ্ব র‍্যাঙ্কিং-এ এক নম্বর জায়গা পোক্ত করলেন। তিনি বলেন, ‘‘এটা আমার জন্য সত্যিই কঠিন টুর্নামেন্ট ছিল। সব ম্যাচই তিন সেট পর্যন্ত গড়িয়েছে। কিন্তু আমি খুশি যে সবকটা ম্যাচেই আমি জিততে পেরেছি। তা অবশ্যই সম্ভব হয়েছে আমার কঠোর মনোবলের জন্য। আমি অনেক রকমের অভিজ্ঞতার সঙ্গেই বড় হয়েছি। সত্যিই ভাল লাগছে ফাইনালে থাকতে পেরে।’’

আলকারাজের এখন একটাই লক্ষ্য ইন্ডিয়ান ওয়েলস এবং মাদ্রিদের পর সিজনের তৃতীয় মাস্টার্স জেতা। সিনসিনাটির ফাইনাল নিয়ে এবছর মোট আটটি টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন আলকারাজ। ১৯৯১-এ ১৯ বছরের পিট স্যাম্প্রাসের পর তিনি কনিষ্ঠ সিনসিনাটি ফাইনালিস্ট।

অন্যদিকে ৩৬ বছর বয়সী জকোভিচও সিনসিনাটি ওপেনের সব থেকে বেশি বয়সী ফাইনালিস্ট। এর আগে ১৯৭০-এ কেন রোজওয়াল ফাইনালিস্ট ছিলেন। সে সময় তাঁর বয়স ছিল ৩৫।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *