ওলগা কারমোনা
অলস্পোর্ট ডেস্ক: ওলগা কারমোনা বিশ্বকাপ ফাইনালের হিরো। তিনিই স্পেনের ক্যাপ্টেন। তাঁর অধিনায়কত্বে এবং তাঁরই একমাত্র গোলে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন স্পেন মহিলা ফুটবল দল। কিন্তু এই আনন্দ, এই উচ্ছ্বাসে পিছনে যে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর যন্ত্রণার খবর তা জানতেনই না ওলগা। ম্যাচ শেষে তাঁর কাছে সেই খবর আসে। কিন্তু ঘটনাটা ঘটে গিয়েছিল ম্যাচ শুরুর আগেই। ফাইনালের পর তিনি জানতে পারেন, তাঁর জীবনের শক্তি, ‘বাবা’ আর নেই। বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই নেমে আসে বিষাদের ছায়া।
স্প্যানিশ ফেডারেশন রবিবার ম্যাচ শেষে এই ঘোষণা করে, স্পেন ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ শিরোপা জেতার প্রায় আট ঘণ্টা পর। তবে ফেডারেশন এই বিষয়ে অন্য কোন কিছু আর বিষদে জানায়নি। জানা যায়নি কী হয়েছিল ওলগার বাবার বা কেন তাঁর হঠাৎ মৃত্যু হল। তবে কারমোনার পোস্ট থেকে বোঝা যায় ম্যাচের আগেই মৃত্যু হয়েছিল তাঁর বাবার।
“এবং এটি না জেনেই, ম্যাচ শুরু হওয়ার আগে আমার কাছে আমার স্টার ছিল,” কারমোনা লিখেছেন। “আমি জানি যে তুমি আমাকে অনন্য কিছু অর্জন করার শক্তি দিয়েছ। আমি জানি যে তুমি আজ রাতে আমাকে দেখছিলে এবং তুমি আমাকে নিয়ে গর্বিত। শান্তিতে বিশ্রাম নাও, বাবা।”
২৩ বছর বয়সী এই এই তারকা ফুটবলার তাঁর পোস্টে একটি স্টার এবং একটি ব্যান্ডেজ করা হার্ট যোগ করেছেন, সঙ্গে তার নিজের চ্যাম্পিয়ন পদক চুম্বন করার একটি ছবিও রয়েছে৷
ফেডারেশন তার পোস্টের উত্তরে লেখে, “আমরা তোমাকে ভালোবাসি, ওলগা, তুমি স্প্যানিশ ফুটবলের ইতিহাসে থাকবে।”
২৯ মিনিটে গোল করার পর, কারমোনা তাঁর জার্সি তুলে সেলিব্রেট করেন। জার্সির নিচে তিনি যে লাল শার্ট পরেছিলেন তাতে লেখা ছিল, ‘মার্চি’। খেলার পরে স্পেন অধিনায়ক জানিয়েছিলেন, সেটি তাঁর এক বন্ধুর মাকে উৎসর্গ করে লেখা, যিনি সম্প্রতি মারা গিয়েছেন। ফক্স স্পোর্টস অনুসারে কার্মোনা বলেন, “আমি তার শার্ট দিয়ে গোলটি উদযাপন করেছি। এখান থেকে, আমি আমার সমস্ত ভালবাসা দিয়ে পুরো পরিবারকে এটি উৎসর্গ করছি।” তখনও কি তিনি জানতেন, ম্যাচ শেষে স্মৃতি হয়ে যাবেন তাঁর বাবাও?
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
