অলস্পোর্ট ডেস্ক: সোমবার এশিয়া কাপ-এ ভারতীয় দল ঘোষণা করলেন ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর। ১৭জন ক্রিকেটার নিয়ে এশিয়া কাপে নামতে চলেছে ভারতীয় দল। এই দলে জায়গা করে নিয়েছেন শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল। চোট কাটিয়ে মাঠে ফিরছেন এই দুই ক্রিকেটার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এশিয়া কাপ দিয়েই আবার খেলায় ফিরতে চলেছেন রাহুল এবং আইয়ার।
থাইয়ে চোটের কারণে মে-এর শুরুতেই মাঠের বাইরে চলে যেতে হয়েছিল কেএল রাহুলকে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নেমে চোট পান তিনি। সেই থেকে তিনি মাঠের বাইরে। ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে এতদিন পুনর্বাসনে ছিলেন। শ্রেয়াস আইয়ারও চোট পেয়ে খেলার মাঠ থেকে দূরে ছিলেন। শেষ আর্ন্তজাতিক ম্যাচ খেলেছিলেন মার্চে।
এতদিন পরে ফিরছেন এই দুই ক্রিকেটার। রাহুল এবং শ্রেয়াসের পারফর্ম্যান্স নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন। কোনও বড় ম্যাচ না খেলেই এশিয়া কাপে জায়গা পাচ্ছেন তাঁরা। আগে কোনও ম্যাচ না খেলেই এত বড় টুর্নামেন্টে তাঁদের সবটা দিতে পারবেন কিনা এই প্রশ্নই করা হয় প্রাক্তন ক্রিকেটার গাভাস্কারকে। এই প্রশ্নে তিনি স্পষ্ট উত্তর দেন।
গাভাস্কার বলেন, ‘‘আমাদের বেশি চিন্তা বোলারদের নিয়ে। বড় টুর্নামেন্টের আগে ওরা কোনও ম্যাচ না খেললে সমস্যা দেখা দেয়। বুমরাহকেই দেখুন ও আট ওভার বল করেছে। এবং অত্যন্ত ভাল বল করেছে। ওকে দেখেও মনে হচ্ছে ও পুরোপুরি ফিট।’’
তাঁর কথায়, ‘‘আমার মনে হয় না বড় টুর্নামেন্টের আগে ব্যাটারদের এই সময়টা প্রয়োজন। ওরা ওদের ফিটনেস নিয়ে কাজ করেছে। আমার মনে হয় না এটা ওদের জন্য প্রয়োজন। বড় টুর্নামেন্টে নেওয়ার আগে বোলারদের ভাল করে পরীক্ষা করে নিতে হয়।’’
রাহুল এখন পুরোপুরি ফিট। যদিও রাহুলের এখনও অল্প বিস্তর কিছু সমস্যা রয়েছে। গাভাস্কার বলেন রাহুলের কাছে এখনও অনেক সময় আছে নিজেকে পুরো ফিট করার। এশিয়া কাপে ভারত প্রথম নামবে পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে ও নিজেকে পুরো সুস্থ করে তুলবে, এমনটাই মনে করেন গাভাস্কর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
