ইয়ো ইয়ো ফিটনেস পরীক্ষায় বিরাট। ছবি সৌজন্যে, বিরাট কোহলির ইন্সটাগ্রাম
অলস্পোর্ট ডেস্ক: দিন কয়েক পরেই এশিয়া কাপ এবং তারপরই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এমন ব্যস্ত সময়সূচির মধ্যে ভারতীয় দলকে খেলায় প্রশিক্ষণের পাশাপাশি ফিটনেসের দিকেও সমান নজর দিতে হচ্ছে। আর ফিটনেসের কথা উঠলেই যার কথা সবার আগে মনে পড়ে, তিনি আর কেউ নন, ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি বুধবার তাঁর সোশ্যাল মিডিয়ায় ‘ইয়ো ইয়ো’ টেস্টে কতটা ফিট তা পোস্ট করে জানালেন ভক্তদের। এই ইয়ো ইয়ো টেস্ট হল একধরণের ফিটনেস পরীক্ষা, যার মাধ্যমে জানা যায় কোন প্লেয়ার কতটা ফিট। যেখানে আপাতত বিরাটকে জাতীয় দলের মধ্যে সবচেয়ে ফিট বলেই গণ্য করা হচ্ছে।
এশিয়া কাপ শুরুর আগে বুধবার বিসিসিআই আয়োজিত খেলোয়াড়দের জন্য বেঙ্গালুরুতে একটি প্রস্তুতি শিবিরে অংশ নেবেন ক্রিকেটাররা। বেশিরভাগ খেলোয়াড় ইতিমধ্যেই সেই ক্যাম্পে যোগ দিয়েছেন ও যারা আয়ারল্যান্ডে টি২০ সিরিজে ব্যস্ত ছিলেন, তারা ২৫ অগস্ট থেকে ক্যাম্পে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এমনকি ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং কোচিং স্টাফের আরও কয়েকজন সদস্য এই ক্যাম্পের জন্য এনসিএ-তে থাকবেন।
এদিন ইয়ো ইয়ো পরীক্ষার পর বিরাট তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। যেখানে তিনি মাটিতে আধশোয়া অবস্থায় তাঁর একটি সেলফি পোস্ট করে লেখেন, ‘‘ঝুঁকি নিয়ে ইয়ো ইয়ো টেস্ট পাস করার মজাই আলাদা।’’ কোহলি তাঁর ইয়ো-ইয়ো পরীক্ষার স্কোরও উল্লেখ করেছেন সেখানে। তাঁর ইয়ো ইয়ো টেস্টের স্কোর ১৭.২। রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই ইয়ো-ইয়ো টেস্টে খেলোয়াড়দের কমপক্ষে ১৬.৫ স্কোর রাখতে বলে। কোহলি সেইদিক থেকে বেশ অনেকটাই এগিয়ে।
৩০ অগস্ট থেকে এশিয়া কাপ-২০২৩ শুরু হওয়ার কথা। ভারতীয় দলের প্রথম ম্যাচ ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের সাফল্যের জন্য পরবর্তী তিন মাস খুবই গুরুত্বপূর্ণ। এশিয়া কাপ শেষ হওয়ার পর দলের বিশ্রাম নেওয়ার সময় থাকবে না, কারণ তখন পুরো ফোকাস থাকবে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
