অলস্পোর্ট ডেস্ক: পরপর দু’বার অনূর্ধ্ব-২০ বিভাগে কুস্তিতে বিশ্ব খেতাব জিতলেন অন্তিম পোঙ্গল । বৃহস্পতিবার তাঁর অসাধারণ পারফর্ম্যান্স প্রমাণ করে দিল যে তিনি সিনিয়র ভিনেশ ফোগতের থেকেও ভাল কুস্তিগির। পোঙ্গল, ফোগতকে সরাসরি এশিয়ান গেমসে প্রবেশের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। ঘটনাক্রমে ফোগত হাঁটুতে চোট পেয়ে এশিয়ান গেমস থেকে বাদ পরে যান।
এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ভিনেশ ফোগত-এর আগে বহুবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেতাব জিতেছেন। তিনি একমাত্র মহিলা কুস্তিবিদ যিনি দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জিতেছেন। ২০১৬-এর রিও অলিম্পিক্স এবং ২০২১-এর টোকিও অলিম্পিক্সে তিনি অংশ নিয়েছিলেন। কিন্তু অলিম্পিক্সে দু’বারই তাঁকে খালি হাতে ফিরতে হয়েছে।
পোঙ্গল বলেন, ‘‘ভিনেশ খুবই ভাল কুস্তিবিদ। কমনওয়েলথ, এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ও অনেক পদক জিতেছে। কিন্তু আমি চেষ্টা করব ওর থেকে ভাল করার। আমার অভ্যাস খুব ভাল হচ্ছে। আগামীকাল থেকে আমি এশিয়ান গেমসের জন্য অনুশীলন করা শুরু করব।’’
গত সপ্তাহে জর্ডনে অনূর্ধ্ব-২০-তে ৫৩ কেজি বিভাগে অন্তিম পোঙ্গল এবং ভিনেশ ফোগত একে অপরের বিরুদ্ধে নেমেছিল। এই প্রতিযোগিতায় ভিনেশ, পোঙ্গলের কাছে হেরে যান। তিনি বলেন, ‘‘এশিয়াডে সব কুস্তিগিরদের সঙ্গে লড়াইটা কঠিন হবে। এটা আমার প্রথম এশিয়ান গেমস। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। আমি আমার গেমের জন্য কঠোর পরিশ্রম করছি। মনকে শান্ত করার জন্য আমি মেডিটেশন করা শুরু করেছি। আমি চিন্তামুক্ত থাকতে চাই। আর মেডিটেশন আমাকে সেটাই দেয়।’’
গত বছর কমনওয়েলথে হারের পর তিনি তাঁর গেমকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘‘গত বছর কমনওয়েলথের ট্রায়ালের পর আমি ঠিক করে নিয়েছিলাম সিনিয়র লেভেলে আমি ভাল খেলব। আগে আমি শুধুমাত্র জুনিয়রে খেলার কথাই ভাবতাম। কিন্তু তারপর থেকেই আমার আত্মবিশ্বাস বেড়ে যায় যে আমি সিনিয়র দলেও ভাল খেলতে পারি। তারপর থেকে আমার জীবন বদলে যায়। কিন্তু আমি জানি সিনিয়র দলে আরও বেশি কঠোর পরিশ্রম করতে হবে।’’
পরপর দু’বার অনূর্ধ্ব-২০ বিভাগে পোঙ্গল সোনা জিতেছেন। তাঁর এই জয় তাঁকে আগামী দিনে ম্যাচ খেলতে আত্মবিশ্বাস জোগাবে। তিনি বলেন, ‘‘শেষবার যখন আমি প্রতিযোগিতায় নেমেছিলাম তখন আমিই একমাত্র ভারতীয় যে সোনা জিতেছি। তারপর থেকেই আমি স্থির করি যে আমি শুধু সোনাই জিতব। মেডেল জেতার জন্য চাপ তো থাকবেই কিন্তু এই মেডেলই আমাকে অনুপ্রাণিত করে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
