নীরজ চোপড়া। ছবি সৌজন্যে, টুইটার
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় অ্যাথলেটিক্সের ‘দ্য গোল্ডেন বয়’, ওরফে নীরজ চোপড়া, শুধু ভারতেরই নয়, বিশ্ব দরবারেও এখন সোনার ছেলে হয়ে দাঁড়িয়েছেন তিনি। রবিবার বুদাপেস্টে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নিয়েছেন নীরজ। যা এর আগে কোনও ভারতীয় পারেননি, তা নীরজ করে দেখালেন।
এদিন ম্যাচে যখন নীরজ পোডিয়ামের শীর্ষে সোনা নিয়ে শেষ করলেন তখন পাকিস্তানের আর্শাদ নাদিম জ্যাভেলিনে রুপো নিয়ে দ্বিতীয় হলেন। ম্যাচ শেষে নীরজ জানালেন বিশ্ব দরবারে জ্যাভেলিন থ্রোয়ের অনুভূতি কেমন ছিল এবং বিশেষ করে দেশে ফেরার আগে যখন বুঝলেন যে প্রতিযোগিতাটিকে ভারত-পাকিস্তান যুদ্ধে পরিণত করে দেওয়া হয়েছে, তাতেও তাঁর অভিমত প্রকাশ করলেন তিনি।
নীরজ এবং আর্শাদ দীর্ঘদিন ধরেই একে অপরের প্রতিদ্বন্ধিতা করছেন। যখনই তারা দু’জন একসঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন, নীরজই শীর্ষস্থান পেয়েছেন প্রতিবার। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও এদিন একই ঘটনা ঘটেছে। নীরজ ফাইনালে ৮৮.১৭ মিটার জ্যাভেলিন থ্রো করে জয়ী হয়েছেন। অন্যদিকে আর্শাদ ৮৭.৮২ মিটার থ্রো করে দ্বিতীয় স্থান পেয়েছেন।
ইভেন্টের পরে সাংবাদিক বৈঠকে নীরজ বলেন, ‘‘প্রতিযোগিতার আগে আমি তেমন ফোন দেখি না, তবে আজকে হঠাৎ দেখতেই প্রথম যে জিনিসটা আমি লক্ষ্য করলাম তা হল, ‘ভারত বনাম পাকিস্তান’। কিন্তু যদি ভাল করে দেখা হয়, ইউরোপিয়ান অ্যাথলিটরা আরও বেশি ভয়ঙ্কর ও তাঁরা যখন তখন বড় থ্রো মারতে পারেন। শুধুমাত্র আর্শাদ নয়, জাকুব এবং জুলিয়ান ওয়েবারও তো আছেন। তাই শেষ থ্রো পর্যন্ত আপনার প্রতিদ্বন্ধী থ্রোয়ারের কথাই আপনাকে ভাবতে হবে। কিন্তু বিষয়টা হল দেশে ফিরে সেই ভারত বনাম পাকিস্তানেরই তুলনা করা হবে।’’
পরবর্তী মেগা ইভেন্ট এশিয়ান গেমসেও আর্শাদ ও নীরজ দু’জনেই অংশগ্রহণ করবেন। নীরজ জানালেন তখন আবারও দেশে এই ‘ভারত বনাম পাক’ কলোরব ছড়াবে। তবে তিনি নিজেকে সুস্থ রাখবেন প্রতিযোগিতার জন্য।
‘‘আমার মনে হয় এশিয়ান গেমসে ভারত বনাম পাকিস্তান নিয়ে আরও আলোচনা হবে। কিন্তু আমি এসবে কান না দিয়ে কেবল নিজেকে সবল ও সুস্থ রাখব,’’ নীরজ বলেন।
নীরজ জানান যে তিনি আর্শাদকে দ্বিতীয় হতে দেখে বেশ খুশি হয়েছেন। এবং তাঁরা আলোচনা করেছেন, ইউরোপীয় দেশগুলি যেভাবে এইসব খেলায় নিজেদের আধিপত্য বজায় রাখত একসময়, সেখান থেকে ভারত ও পাকিস্তান উভয় দেশই যতদূর এসেছে, তা সত্যিই গর্বের বিষয়।
তিনি আরও বলেন, ‘‘আমার ভাল লাগছে যে আর্শাদ ভাল থ্রো করেছে এবং আমরা দু’জনে আলোচনা করেছি যে আমাদের দুই দেশই এখন কীভাবে বাড়ছে। আগে ইউরোপীয় অ্যাথলিটদের রমরমার ছিল কিন্তু সেখান থেকে এখন আমরা তাদের জায়গায় পৌঁছেছি।’’
২৫ বছর বয়সী নীরজ তাঁর এই বক্তব্যের মধ্যে সাফ বুঝিয়ে দিলেন, এটাই আসল স্পোর্টসম্যান স্পিরিট। প্রতিযোগিতা থাকতে হবে শুধু খেলার মধ্যে। খেলার বাইরে নয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
