অলস্পোর্ট ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। এশিয়া কাপের সব থেকে উত্তেজক ভারত বনাম পাকিস্তান ম্যাচে জল ঢেলে দিতে পারে প্রকৃতি। যেমন ভাবা তেমনটাই অক্ষরে অক্ষরে পালন করল প্রকৃতি। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। শুভমান গিলকে নিয়ে ওপেন করতে নেমে ভালই শুরু করেছিলেন তিনি। কিন্তু ৪.২ ওভারে ঝেঁপে বৃষ্টি এল ক্যান্ডিতে। বাধ্য হয়েই দুই দলকে ফিরে যেতে হল প্যাভেলিয়নে। ততক্ষণে গ্যালারিতে খুলে গিয়েছে নানা রঙের ছাতা। শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় ও পাকিস্তানিরা বহুদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিল।
দেশের রাজনৈতিক সমস্যা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে শ্রীলঙ্কা। দেশে ফিরেছে ক্রিকেটও। ভারত-পাকিস্তানের টানাপড়েনে অপ্রত্যাশিতভাবেই এশিয়া কাপের মূল অংশই হচ্ছে সে দেশে। সব মিলে ক্রিকেটের শ্রীলঙ্কা সাজছিল ভারত-পাকিস্তান লড়াইয়ের জন্যই। কিন্তু বাধ সাধল প্রকৃতি। খেলার শুরুতেই বৃষ্টিতে ঢেকে ফেলতে হল পিচ।
৪.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫ রান করেছে ভারত। ১১ রান করে অপরাজিত রোহিত শর্মা। এখনও রানের খাতা খুলতে পারেননি শুভমান গিল। ভারতীয় সময় দুপুর ৩.২২-এ খেলা বন্ধ হয়। বৃষ্টি থামলে ৩.৪৭ নাগাদ কভার সরিয়ে নেওয়া হয়। এর পর আম্পায়াররা মাঠ দেখে খেলা শুরু করার অনুমতি দেন। প্রায় আধঘণ্টা খেলা বন্ধ থাকে শুরুতেই।
তবে বৃষ্টির ধাক্কা কাটিয়ে ফিরলেও শাহিন আফ্রিদির বোলিংয়ের ধাক্কা সামলাতে পারলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২২ বলে ১১ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে ক্লিন বোল্ড হয়ে গেলেন তিনি। বিরাট কোহলি যে তিন নম্বরে ব্যাট করতে নামবেন তা বোঝাই যাচ্ছিল। এবার ভারতের ভাগ্য তাঁরই হাতে। কিন্তু সেই ভরসা দিতে ব্যর্থ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেই শাহিন আফ্রিদির বলেই মাত্র ৪ রান করে ক্লিন বোল্ড তিনিও। ভারত ৬.৪ ওভারে ২৯-২। আউট হয়ে রীতিমতো হতাশ দেখাচ্ছে ভারতের দুই সব থেকে অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
রোহিত শর্মা ও বিরাট কোহলি পর পর ফিরে যাওয়ার পর শ্রেয়াস আয়ারের সামনে লক্ষ্য ছিল নিজেকে নতুন করে প্রমান করার। চোট সারিয়ে তাঁর এশিয়া কাপ দলে জায়গা করে নেওয়া নিয়ে কম প্রশ্ন ওঠেনি। তাঁর সামনে এটাই ছিল সব থেকে বড় সুযোগ। আর ভারতীয় দলের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটিং অর্ডার, যা নিয়েও গত কয়েক বছরে কয়েকলক্ষ্য শব্দ লেখা হয়েছে সেই চার নম্বরেই ব্যাট করার সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু তা তিনি কাজে লাগাতে ব্যর্থ। হ্যারি রউফের বলে ফখর জামানকে ক্যাচ দিয়ে মাত্র ১৪ রান করে ফিরলেন তিনি। ১১.২ ওভারে ভারত ৫১-৩।
ভারতীয় সময় ৪.৩৫-এ আবার বৃষ্টি এল। ভারত তখন তিন উইকেট হারিয়ে ৫১ রানে ধুকছে। এই নিয়ে ম্যাচ শুরু হওয়ার পর থেকে দ্বিতীয়বার খেলা বন্ধ করা হল। ঢেকে ফেলা হয়েছে পিচ ও আউটফিল্ড। এবার অবশ্য দ্রুতই বৃষ্টি কমল। ১০ মিনিট পরই সরিয়ে নেওয়া হল পিচ কভার। ২০ মিনিট পর শুরু হয় খেলা। তার মাঝে বেশ কিছুক্ষণ ধরে চলল মাঠ শুকানোর কাজ। শুবমান গিলের সঙ্গে ব্যাট করতে নেমেছেন ঈশান কিষান। কিন্তু দ্বিতীয় পর্বের বৃষ্টি কাটিয়ে ফিরে আউট হয়ে গেলেন শুবমানও। হ্যারিস রউফের বলে বোল্ড হলেন তিনি। ১০ রান করলেন তিনি। ভারত ১৪.২ ওভারে ৭০-৪।
২০ ওভারে ১০০ রানের গন্ডি পেরলো ভারত। ব্যাট করছেন ঈশান কিষান ও হার্দিক পাণ্ড্যে। এখন দেখার টপ অর্ডার ফ্লপ করার পর মিডল অর্ডার কিছু করতে পারে কিনা। ঈশান কিষান ৫৪ বলে হাফ সেঞ্চুরি করে ফেললেন। কঠিন সময়ে তাঁর এই হার না মানা লড়াই ভারতকে কিছুটা হলেও স্বস্তি দেবে। তাঁকে যোগ্য সঙ্গত হার্দিক পাণ্ড্যের। ৬২ বলে হাফ সেঞ্চুরি হাঁকালেন তিনিও। ভারত ৩৪.১ ওভারে ১৭৯-৪।
৮১ বলে ৮২ রান করে আউট হলেন ঈশান কিষান। তাঁর এই ইনিংস সাজানো ছিল ন’টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি দিয়ে। হ্যারিস রউফের বলে বাবর আজমকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। তবে ধসে পড়া ভারতীয় ব্যাটিংয়ে স্বস্তিদায়ক জায়গায় পৌঁছেও দিলেন তিনি। ৩৮ ওভারে ভারত ২০৪-৫। ৯০ বলে ৮৭ রান করে আউট হলেন হার্দিক পাণ্ড্যে। শাহন শাহর বলে আঘা সলমনকে ক্যাচ তুলে দিলেন তিনি। ১৪ রানে আউট রবীন্দ্র জাদেজা। আবারও শাহিন শাহ। ক্যাচ নিলেন মহম্মদ রিজওয়ান। পর পর ফিরলেন শার্দূল ঠাকুরও। করলেন মাত্র তিন রান। নাসিম শাহর বলে শাদাব খানের দুরন্ত ক্যাচ। ৪৫ ওভারে ভারত ২৪৬-৮। ৪ রান করে আউট কুলদীপ যাদব। ১৬ রান করে আউট যশপ্রীত বুমরা। ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অল আউট ভারত।
৪ উইকেট শাহিন শাহর। তিনটি করে উইকেট নিলেন নাসিম শাহ ও হ্যারিস রউফ। ভারতের ব্যাটিং শেষে পাকিস্তানের সামনে ২৬৭ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত।
ভারত তার পুরো সময়টা খেলতে পারলেও পাকিস্তান এখনও ব্যাটিং শুরু করতে পারেনি। ভারতের ইনিংস শেষ হওয়ার পরেই আবারও শুরু হয় প্রবল বৃষ্টি। ভারতীয় সময় সন্ধে ৭.৪৫ থেকে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই আড়াই ঘণ্টা পিছিয়ে গিয়েছে খেলার সময়। যদিও শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করে দেওয়া হল। নেপালের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের কারণে শেষ চার নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের। ভারতের সামনে এখন নেপাল চ্যালেঞ্জ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
