অলস্পোর্ট ডেস্ক: আবারও বিতর্কের ছায়া ভারতীয় ফুটবল দলে। এবার এই বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতীয় সিনিয়র দলের কোচ ইগর স্টিমাচ। শোনা যাচ্ছে এশিয়ান কাপের দল বাছাই করতে সাহায্য নেওয়া হয়েছিল এক জ্যোতিষীর, এবং তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন কোচ ইগর স্টিমাচ। এরকমই খবর উঠে এসেছে সবার সামনে। সামনে এসেছে ইগর স্টিমাচ এবং ওই জ্যোতিষীর মেসেজে কথোপকথন। এবার এই নিয়ে মুখ খুললেন ইগর স্টিমাচ নিজে। কোনও এক বড় খবর প্রকাশের ইঙ্গিতও দিয়েছেন তিনি।
‘‘টার্গেট নাকি ভারতীয় ফুটবলের উন্নতির জন্য সৎ লড়াই? সময় এসেছে এবার টেবিলে সব কার্ড রাখার। এবং দেখার কে কতটা সত্যি চিন্তা করে ভারতীয় ফুটবল নিয়ে,’’ টুইটারে লেখেন কোচ স্টিমাচ।
তিনি আরও বলেন, ‘‘কারও সম্পর্কে কোনও ধারণা করার আগে একবার ভাবুন। ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য। ফুটবল বিশ্বে ভারতীয় ফুটবলকে জায়গা করে দেওয়ার স্বপ্ন আমি এখনও দেখি।’’
একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে ওই জ্যোতিষিকে প্রায় ১৬ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে স্টিমাচ নিজে যোগাযোগ রেখেছিলেন। এবং তাঁর কথা শুনে তিনি এশিয়া কাপের দল নির্বাচন করেছিলেন। যদিও ঘটনাটি বেশ কয়েকমাস আগের। এখানে আরও একটা প্রশ্ন উঠে আসছে কেন এতদিন পরে এই খবর সামনে এল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
