আর্সেন ওয়েঙ্গার
অলস্পোর্ট ডেস্ক: কিংবদন্তি ফুটবল কোচ আর্সেন ওয়েঙ্গার বিশ্বাস করেন ফিফা এবং এআইএফএফ-এর মধ্যে সুসম্পর্ক এবং দু‘পক্ষের ইচ্ছায় ভারতে একটি কেন্দ্রীয় অ্যাকাডেমি গড়ে উঠতে পারে। এই ব্যাপারে কথা বলতে আগামী মাসে ভারতে আসছেন তিনি। গত মাসে অস্ট্রেলিয়ায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান-এর সভাপতি কল্যাণ চৌবে এবং সচিব শাজি প্রভাকরনের সঙ্গে দেখা করেছিলেন ওয়েঙ্গার। এই সাক্ষাৎ-ই তাঁকে আশাবাদী করে তুলেছে।
‘‘বিশ্বের সব থেকে জনপ্রিয় খেলা ফুটবল। এবং ভারতের মত বড় দেশে এই খেলার উন্নতি হওয়া প্রয়োজন। ভারতের জনসংখ্যা এর জন্য অনেক বড় সুবিধা। প্রায় ১.৪ বিলিয়ন মানুষ, আমি বলব এটা সোনার খনি। কিন্তু তা আমরা এখনও ঠিকভাবে সনাক্ত করতে পারিনি,’’ বলেন ওয়েঙ্গার।
এছাড়াও তিনি বলেন, ‘‘সে জন্য আমাদের দেশের মধ্যে লোক প্রয়োজন। যারা এই প্রতিভা খুঁজে বার করবে। এই কারণেই ফিফা এবং এআইএফএফ-এর মধ্যে সম্পর্ক অত্যাবশ্যক।’’
ওয়েঙ্গার আশাবাদী এআইএফএফ-এর সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারে। “এআইএফএফ-এর সঙ্গে কথা অনুযায়ী তাঁরা সবরকমভাবে আমাদের সাহায্য করতে প্রস্তুত,” বলেন তিনি।
৭৩ বছরের এই ব্যাক্তি মনে করেন জাপানকে উদাহরণ হিসেবে দেখা উচিত ভারতের, তাঁরা কিভাবে ফুটবলে উন্নতি করছে। তিনি বলেন, ‘‘আমি ১৯৯৫-তে জাপান গিয়েছিলাম। তাঁর আগেই ১৯৯৩-তে জাপানে প্রফেশনাল লিগ শুরু হয়েছিল। কিন্তু তাঁরা খুব তাড়াতাড়ি এটা বুঝে গিয়েছিল তরুণ খেলোয়াড়দের জন্য অ্যাকাডেমি এবং শিক্ষা প্রয়োজন। এবং তাঁরা ভালভাবে এটার ব্যবস্থা করে ফেলেছিল। এখন জাপানে ছেলেদের পাশাপাশি মেয়েদের দিকে তাকান, তাঁরা বিশ্ব রাঙ্কিং-এর শীর্ষে রয়েছে। ওরা বুঝে গিয়েছিল শিক্ষাই মুল বিষয়। জাপানকে উদাহরণ হিসেবে দেখা উচিৎ ভারতের।’’
ওয়েঙ্গার জানান প্রতিভা খুঁজতে হলে শিক্ষা প্রয়োজন। ‘‘সব মিলিয়ে দু’টো মুল জিনিসের ওপর সবকিছু নির্ভর করছে। প্রথমত প্রতিভা খুঁজে বার করতে হবে। এবং তারপর ভাল কোচিং এবং শিক্ষা দিতে হবে। এর জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’’
ওয়েঙ্গার বলেন, ‘‘ক্রিকেট ভারতের এক নম্বর খেলা কিন্তু এখানে অনান্য খেলারও অনেক সুযোগ রয়েছে। সব বাচ্চাকে ক্রিকেট খেলতে হবে এমন কোনও কথা নেই। তাদেরকে অন্য খেলাতেও সুযোগ দিতে হবে। ফুটবল অসাধারণ একটা খেলা এখানে আরও উন্নতি প্রয়োজন।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
