Cart Total Items (0)

Cart

All Sports
এএফসি কাপ

সুচরিতা সেন চৌধুরী ○ ভুবনেশ্বর: মরসুমের শুরু থেকেই টানা টুর্নামেন্ট খেলতে হচ্ছে। তাও আবার একসঙ্গে একাধিক টুর্নামেন্ট, বিভিন্ন মানের। কখনও কলকাতা লিগ তো কখনও ডুরান্ড কাপ। আর এএফসি কাপ তো ছিলই বাড়তি চাপের। কারণ প্রথম থেকেই মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলে এসেছেন তাঁর প্রাথমিক লক্ষ্য এএফসি কাপ। কারণ সেটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। তা বলে তিনি ডুরান্ড কাপ জিততে কোনও ত্রুটি রাখেননি। তবে এতদিন তাঁর একটা বড় অভিযোগ ছিল, সময়ের অভাব। পর পর খেলার কারণে দল গুছিয়ে নেওয়া থেকে দলের রিকভারি, সব নিয়েই চিন্তিত ছিলেন তিনি। তবে এবার সময় নিয়ে দল গুছিয়ে নামার সময় পাচ্ছেন এএফসি কাপে ওড়িশা এফসির বিরুদ্ধে, ওড়িশারই মাঠে। তার আগে কী বললেন হুয়ান ফেরান্দো ও ব্রেন্ডন হ্যামিল।

প্রশ্ন: এই টুর্নামেন্টের জন্য আপনার কোচ হিসেবে প্রস্তুতি কেমন যদি আপনি একটু বলেন?

হুয়ান ফেরান্দো: প্রথমত এটা সম্পূর্ণ আমার ওপর নয়। দল দলগতভাবে খেলবে এবং দল খুব কঠিন পরিশ্রম করছে এর পিছনে কারণ আমাদের বিপক্ষ দল অনেক বেশি শক্তিশালী। ওদের খুব ভাল প্লেয়ার রয়েছে কিন্তু আমাদেরও বেশ কিছু ভাল প্লেয়ার রয়েছে। সব মিলে দেখা যাক আমরা কতদূর কী করতে পারি।

প্রশ্ন: মোহনবাগান ডুরান্ড কাপ জিতেছে এবং এখন এএফসি কাপ, তো আপনার কি মনে হয় ডুরান্ড কাপ জয়ের প্রভাব কী এই ম্যাচে পড়বে?

হুয়ান ফেরান্দো: না এটা ঠিক বলা যায় না, এটা অতীত ছিল যেটা হয়ে গিয়েছে, আগামীকাল একটি নতুন দিন, নতুন প্রতিযোগিতা এবং নতুন টুর্নামেন্ট। হ্যাঁ আমরা খুশি মাত্র দুই সপ্তাহ আগে ডুরান্ড কাপ জিতেছি কিন্তু এটা এখন ভাবার সময় না। আমাদের ভুলে যেতে হবে সেই কাপের কথা এবং কালকের পারফর্ম্যান্সের জন্য নিজেদের তৈরি করতে হবে।

প্রশ্ন: কোচ আমরা জানি শুভাশিস বোস চোট পেয়েছিলেন, এখন কি পরিস্থিতি দলের?

হুয়ান ফেরান্দো: সে এখন ঠিক আছে, তবে আশিক কুরিয়ানকে ছাড়া বাকিরা সবাই ঠিক আছে।

প্রশ্ন: আশিককে পুরো মরসুমে পাওয়া যাবে না, তার পরিবর্তে কি পরিবর্ত প্লেয়ারে কথা কিছু ভাবা হয়েছে?
হুয়ান ফেরা‌ন্দো:
তাঁর জন্য আমরা অপেক্ষায় থাকব, তবে এখন এই মুহূর্তে আমাদের কাছে অন্যান্য অনেক ভাল প্লেয়াররাও রয়েছে। তাই তাঁর পরিবর্তে কাউকে এখনও ভাবা হয়নি। তার দ্রুত সুস্থতা কামনা করছি, আমাদের কোচিং স্টাফেরা তাকে সাহায্য করছে, বাকি আমরা তার কামব্যাক এর জন্য অপেক্ষায় থাকব।

প্রশ্ন: কোচ, মোহনবাগান এর আগেও দু’বার এই গণ্ডি পাড় করতে পারেননি, এবার আপনার কি মনে হয় কোচ হিসেবে আপনি কতটা প্রেসার বা দায়িত্ব মনে করছেন?

হুয়ান ফেরান্দো: হ্যাঁ, আমি জানি এর আগে মোহনবাগান যেতে পারেনি। সত্যিই খুব কঠিন, তবে আমরা অনেক উচ্ছ্বসিত বটে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমাদের নিজেদের স্ট্যাটেজি বানিয়ে খেলতে হবে তারপর দেখি ট্রফি হাতে পাই নাকি। চেষ্টা চলবে।

প্রশ্ন: ব্রেন্ডন, দলের অন্দরে সবাই ঠিক কী মুডে রয়েছেন, সেই সম্পর্কে কিছু বলুন?

ব্রেন্ডন হ্যামিল: আমরা ফোকাস করছি গেমে এবং আপনি জানেন যে আমরা খুব ভাল কোচ পেয়েছি, যাকে আপনারা ডুরান্ড কাপে দেখেছেন গুরুত্বপূর্ণ রোল পালন করতে। যাইহোক এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটা খুবই কঠিন হতে চলেছে। বাইরের মাঠে খেলছি। ভাল ম্যাচ হবে আসা করছি। আমরা ইতিহাস তৈরি করতে পারি নাকি দেখা যাক।

প্রশ্ন: আপনি মোহনবাগানের হয়ে যাদের বিরুদ্ধে নামবেন সেই ওড়িশাতে তো অনেক ভাল প্লেয়াররা আছে আপনার কী মনে হয়, আপনার প্রতিপক্ষকে নিয়ে কী ধারণা?

ব্রেন্ডন হ্যামিল: হ্যাঁ এখন আমি নতুন দলে নতুন কোচের সঙ্গে খেলছি, সবাই তাদের নিজেদের সেরা দিয়ে চেষ্টা করছে, নতুন অভিজ্ঞতা হবে আমার এখানে। আমি এখন শুধু নিজের ম্যাচে ফোকাস করছি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *