অলস্পোর্ট ডেস্ক: কয়েক মাস আগেই আর্জেন্টিনার তারকা গোলকিপার মার্টিনেজ শহরে এসেছিলেন। তাতেই রীতিমতো মাতামাতি পড়ে গিয়েছিল তিলোত্তমায়। সবকিছু ঠিকঠাক থাকলে এবার দুর্গা পূজোয় শহরে পা রাখতে পারেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো। জানা যাচ্ছে আগামী মাসের গোড়ার দিকেই তিনি দুর্গা পূজোর শুভ সূচনা উপলক্ষে কলকাতায় আসবেন।
একজন বিশিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, রোনাল্ডিনহো, যিনি প্রথমবার কলকাতায় আসবেন, তিনি একটি ফুটবল ক্লাব ও একটি দুর্গা পুজা প্যান্ডেল পরিদর্শন করার পাশাপাশি একটি ছোট চ্যারিটি ম্যাচেও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আর্জেন্টিনার ফিফা বিশ্বকাপজয়ী লিওনেল মেসির একটি মূর্তিও উদ্বোধন করবেন তিনি।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, সম্ভবত রোনাল্ডিনহো ১৫-১৯ অক্টোবরের মধ্যে শহর পরিদর্শনে আসবেন। তবে চূড়ান্ত তারিখটি কঙ্গোতে বার্সা কিংবদন্তি ম্যাচের দিনক্ষণ ঠিক হওয়ার পরেই জানা যাবে। দু’বারের ব্যালন ডি’ওর বিজয়ী, রোনাল্ডিনহো কিছু স্পনসর মিট এবং ইভেন্টে যোগ দেবেন এবং নিকটবর্তী শহর রিষড়াতেও যাবেন বলে জানা যাচ্ছে।
এর আগে এই সংস্থা অতীতে মারাদোনা, পেলে এবং কাফু-সহ আরও অনেক ফুটবল কিংবদন্তিদের শহরে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চলতি বছরের জুলাই মাসে আর্জেন্টিনার বর্তমান বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে শহরে আনার ক্ষেত্রেও ভূমিকা রেখেছিল।
উল্লেখযোগ্যভাবে, তিলোত্তমায় রোনাল্ডিনহোর নামে শহরে একটি ফুটবল অ্যাকাডেমি আছে, রাজারহাটে। যার নাম আর১০ অ্যাকাডেমি। মোট কথা এবার পুজোয় কলকাতা, উৎসবের আমেজের সঙ্গে ফুটবলের আবেগেও ভাসবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
