Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধনার ভক্ত শুধু ভারতেই নেই রয়েছে চিনেও। চিনের মতো দেশ যেখানে ক্রিকেটের তেমন কোনও প্রাধান্য নেই সেই দেশেরই এক নাগরিককে দেখা গেল মন্ধনার জন্য স্টেডিয়ামে হাজির। ‘মন্ধনা দ্য গডেস’ লেখা প্ল্যাকার্ড নিয়ে তিনি ভারতীয় দলকে সমর্থন করতে এসেছিলেন। ভারতীয় দলের থেকেও বেশি তিনি মন্ধনার জন্য পৌঁছেছিলেন স্টেডিয়ামে।

জুন ইউ নামের এই ব্যক্তি থাকেন বেজিং-এ। তিনি শুধুমাত্র ক্রিকেটের টানে তাঁর ‘গডেস’ মন্ধনাকে দেখার জন্যই ১২০০কিমি পথ পেরিয়ে হ্যাংঝৌতে এসেছেন। ইউটিউবে ক্রিকেট দেখার ফলেই তাঁর ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ে এবং সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং মন্ধনার খেলা তাঁর ভাল লাগতে শুরু করে।

মন্ধনার ভারত ম্যাচ জেতার পর তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘বিশ্বকাপ ২০১৯-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যশপ্রীত বুমরাহ অসাধারণ খেলেছিলেন। আমি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ফলো করি। ক্রিকেটের সেরা খেলোয়াড় এখন ওঁরা দুজনেই।’’

ক্রিকেট সম্পর্কে কী করে এত কিছু জানলেন? এই প্রশ্নের উত্তরে ইউ বলেন, ‘‘বেজিং-এ আমার বিশ্ববিদ্যালয়ে আমি ক্রিকেট নিয়ে অনেক কিছু শিখেছি।’’ তাঁর কাছ থেকে জানা যায় এশিয়ান গেমসে যে মাঠে ক্রিকেট খেলা হচ্ছে সেই মাঠ আগে ফুলের বাগান ছিল। তিনি বলেন, ‘‘চিনে তেমন ক্রিকেট খেলা হয় না। খুব কম লোকেই ক্রিকেট খেলে। অনেকে তো জানেই না কীভাবে ক্রিকেট খেলতে হয়। শুধুমাত্র গুয়াংঝৌ, যেখানে ২০১০-এ এশিয়ান গেমসের সময় ক্রিকেট খেলা হয়েছিল সেখানেই একটি স্থায়ী ক্রিকেট স্টেডিয়াম রয়েছে।’’

বেজিং-এর একটি বিশ্ববিদ্যালয়ে ইউ জীববিদ্যায় মাস্টার্স করছেন। তিনি বলেন, ‘‘আমি চাইলেও ক্রিকেট খেলতে পারি না। এখানে তেমন কোনও মাঠই নেই যেখানে ক্রিকেট খেলা যাবে। এমনকি যেখানে এশিয়ান গেমসের ক্রিকেট খেলা হচ্ছে সেটাও আগে ফুলের বাগান ছিল। এশিয়ান গেমসের জন্য তা ক্রিকেটের মাঠ তৈরি করা হয়েছে। এশিয়ান গেমসের আগে এখানে কয়েকটা অনুশীলন ম্যাচ খেলা হয়েছে মাত্র।’’

পছন্দের ক্রিকেটার সম্পর্কে তিনি বলেন, ‘‘আমার পছন্দের ক্রিকেটার হলেন কেন উইলিয়ামসন কিন্তু সচিন ক্রিকেটের কিংবদন্তি।’’ এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট শুরু হচ্ছে বুধবার থেকে। কিন্তু তা দেখার জন্য ইউ অপেক্ষা করতে পারবেন না। তিনি বলেন, ‘‘১০০০ ইউয়েন খরচ করে আমি বেজিং থেকে এখানে এসেছি। আমার পড়াশুনো আছে তাই পুরুষদের টুর্নামেন্ট পর্যন্ত আমি থাকতে পারব না।’’

এদিন স্টেডিয়াম বেশ কয়েকজন ভারতীয় এসেছিলেন দেশকে সমর্থন করতে। তাঁদের মধ্যে একজন হলে‌ন নভনীত সিং যিনি দিল্লির বাসিন্দা। কিন্তু এখন কর্মসূত্রে তিনি হ্যাংঝৌতে থাকেন। চিনে প্রথমবার ক্রিকেট ম্যাচ দেখার জন্যই এখানে তাঁর আসা। তিনি বলেন, ‘‘গত দেড় বছর ধরে আমি এখানে এসেছি। আমি ফেবরিকের ব্যবসা করি। এই প্রথমবার আমি চিনে ক্রিকেট ম্যাচ দেখতে এসেছি। চিনে ক্রিকেট খেলা হয় না। কিন্তু আমি ভারতীয় চ্যানেলে ক্রিকেট দেখি।’’

অন্য আরেকজন ভারতীয় মনোজ যিনি মুম্বইতে থাকতেন। ২০০৩-এ তিনি তাঁর পরিবার নিয়ে এখানেই চলে এসেছেন। তিনি বলেন, ‘‘চাইনিজরা ক্রিকেট তেমন খেলে না। কিন্তু এশিয়ান গেমসের পরে অনেকেই হয়ত এই খেলাটা খেলবে। এখানে ভারতীয়দের একটা ক্লাব আছে। সেখানে আমরা ইন্টারসিটি টুর্নামেন্টে খেলি। সাংঘাইতে একটি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল কিন্তু কোভিড-১৯-এর জন্য সেটা আর হয়নি। এই স্টেডিয়াম ছাড়া হ্যাংঝৌতে আর কোনও স্টেডিয়াম নেই। আমাদের ৭০কিমি দূরে শাওক্সিং-এ খেলতে যেতে হয়। যদিও সেটাও ফুটবল স্টেডিয়াম।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...