দ্রুততম ৫০ রানের রেকর্ডের মালিক নেপালের দীপেন্দ্র সিং
অলস্পোর্ট ডেস্ক: নেপাল পুরুষ ক্রিকেট দল চিনের হাংঝৌতে এশিয়ান গেমস ২০২৩ ক্রিকেট টুর্নামেন্টে ইতিহাস তৈরি করল। টি২০ ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ স্কোর করার পাশাপাশি টি২০-র ইতিহাসে একজন খেলোয়াড়ের দ্রুততম পঞ্চাশ এবং দ্রুততম সেঞ্চুরিরও করল নেপাল। মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ এই কৃতিত্ব অর্জন করে নেপাল ক্রিকেট দল। এই ম্যাচ দিয়েই এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের শুরু হল। ম্যাচে নেপাল তাদের ২০ ওভারে ৩১৪/৩ রান করে থামে। এটি ২০১৯-এ আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ২৭৮/৩ রানের রেকর্ডকে ছাড়িয়ে টি২০-তে সর্বকালের সর্বোচ্চ স্কোর করে ফেলল নেপাল।
তাদের এই ইনিংসে মোট ২৬টি ছক্কাও রয়েছে, যা একক ইনিংসে ফর্ম্যাটের ইতিহাসে দলের সর্বোচ্চ। তারা আফগানিস্তানের ২২টি ছক্কার রেকর্ডকে ছাঁপিয়ে গিয়েছে যা তাদের ২০১৯-এ ২৭৮/৩ করতে সাহায্য করেছিল। তবে সবচেয়ে আকর্ষণীয় দুটি রেকর্ড হল তারা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটি ও সেঞ্চুরিও করেছে এই ম্যাচে।
নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি মাত্র নয় বলে তার হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করেন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৭-এ ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিংয়ের ১২ বলের ৫০ রানের রেকর্ডকে ছাঁপিয়ে যান তিনি। সেই ম্যাচেই এক ওভারে ছয়টি ছক্কার রেকর্ডও করেছিলেন যুবরাজ। আইরি মাত্র ১০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। যার মধ্যে আটটি ছক্কা মাঠের বাইরে চলে যায়। তার স্ট্রাইক রেট ৫২০ যা টি-টোয়েন্টি ইনিংসেও সেরা।
এখানেই শেষ নয়, নেপালের ঝুলিতে এসেছে আরও একটি রেকর্ড। কুশল মাল্লাও ভারতের রোহিত শর্মা এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের মতো টি-টোয়েন্টি জায়ান্টদের ছাঁপিয়ে গিয়েছেন, মাত্র ৩৪ বলে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি এই ম্যাচেই। ৫০ বলে ৮টি চার ও ১২টি ছক্কায় ১৩৭ রান করেন মাল্লা।
উল্লেখযোগ্যভাবে, রোহিত এবং মিলারের নামে ৩৫ বলে সেঞ্চুরি রয়েছে, কিন্তু মাল্লা সে রেকর্ডও এখন নেপাল ক্রিকেট দলের দখলে।
ভারতের পুরুষদের ক্রিকেট অভিযান শুরু হবে ৩ অক্টোবর কোয়ার্টার ফাইনালে। আগামী ৭ অক্টোবর শিরোপা জয়ের লড়াই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
