Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ৩৪ বছরের তামিম গত জুলাইতে অবসর ঘোষণা করেছিলেন। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে একদিন পর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তিনি। এরপর গত সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠে ফিরে আসেন তিনি। তামিম বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য একজন প্লেয়ার। যিনি একমাত্র সব ফর্ম্যাটে শতরান করেছেন।

কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দু’টো ম্যাচ খেললেও ফাইনাল ম্যাচে আবারও চোটের কারণে খেলতে পারেননি তিনি। সেই সঙ্গে বিশ্বকাপের কোনও ম্যাচেই খেলতে পারবেন কিনা সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার দল ঘোষণার পর বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংঘে এবং অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন যারা সম্পূর্ণ ফিট তাঁরা একমাত্র জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। আর এই কারণেই বাদ পরেছেন তামিম।

দলের প্রধান নির্বাচক মিহাজুল আবেদিন বলেন, ‘‘তামিম ইকবাল দীর্ঘদিন ধরে চোটের সমস্যায় ভুগছেন। এটা আমরা সবাই জানি। সে পুরোপুরি ফিট হওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরেও এসেছে। কিন্তু প্রথম ম্যাচের পর আবারও সে তার চোটের কথা জানায়।’’

নিউজিল্যান্ড এই সিরিজে বাংলাদেশকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে দেয়। এই সিরিজে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর অধিনায়ক হিসেবে অভিষেক হয়। বিশ্বকাপ দলে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

বুধবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটি পৌঁছবে বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ তাঁদের। এরপর দ্বিতীয় ম্যাচ ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।

আগামী মাসের ৫ অক্টোবর শুরু হতে চলেছে আইসিসি বিশ্বকাপ ২০২৩। আগামী ৭ অক্টোবর ধর্মশালা-তে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ সফর শুরু করবে বাংলাদেশ।

আইসিসি বিশ্বকাপ ২০২৩ বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *