অলস্পোর্ট ডেস্ক: শনিবার এশিয়ান গেমস ২০২৩-এ ভারতকে দশম সোনা পাইয়ে দিল ভারতীয় পুরুষ স্কোয়াশ দল। এদিন স্কোয়াশের ফাইনালে ভারতের চিরাচরিত প্রতিদ্বন্ধী পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় দল। স্কোয়াশের ম্যাচে আজকের নায়ক ছিলেন চেন্নাইয়ের অভয় সিং। ২৫ বছর বয়সী এই ভারতীয় তাঁর শেষ গেমে পাকদলের নুর জামানকে মাত দিয়ে জিতে নেন স্কোয়াশের ফাইনাল।
এদিন প্রথমে ভারত পিছিয়ে ছিল ০-১ গেমে। ভারতীয় খেলোয়াড় মহেশ মানগাঁওকার ওপেন করতে এসে পাকিস্তানের নাসির ইকবালের কাছে (৮-১১, ৩-১১, ২-১১) হেরে যান। এরপর সৌরভ ঘোষাল ভারতকে আবার গেমে ফেরান। তিনি মহম্মদ আসিমকে (১১-৫, ১১-১, ১১-৩) হারান এবং খেলায় সমতা (১-১) ফেরান। ১২-১০ গেমে ম্যাচ শেষ করেন অভয় সিং এবং ভারতের পদক তালিকায় যুক্ত হয় আরও এক সোনা।
‘‘তিন রাত আগে আমাদের জেতা উচিত ছিল যেহেতু আমরা ভাল দল। আমি খুশি যে আমরা আজ জিতেছি। তবে উদযাপনের জন্য সময় নেই কারণ আগামীকাল ম্যাচ আছে,” অভয় ম্যাচ শেষে বলেন।
এদিন ভারতীয় খেলোয়াড়দের অসাধারণ রূপ দেখা যায় গেমে। যেন তাঁরা প্রথম থেকেই ঠিক করে রেখেছিল গেম তাদের নামেই হবে আজ। তাই হয় শেষপর্যন্ত।
‘‘পরিস্থিতি বিবেচনা করে বলা যায়, এটি অবশ্যই অভয়ের কেরিয়ারের সবচেয়ে বড় জয় ছিল,’’ স্কোয়াশে সর্বোচ্চ ১৯ র্যাঙ্কিং ভারতীয় সৌরভ ঘোষাল বলেন।
এই সপ্তাহের শুরুতে একই পাকিস্তান দলের সঙ্গে পুল পর্বের ম্যাচে ১-২ ব্যবধানে পরাজিত হয়েছিল ভারত। এদিন সেই পরাজয়েরই প্রতিশোধ নিল সৌরভ ঘোষাল, অভয় সিংরা।
ভারত সর্বশেষ ২০১৪-তে ইনচিওনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে স্কোয়াশে সোনা জিতেছিল, সেবারেও ভারতীয় পুরুষ দলই দেশকে স্বর্ণপদক এনে দিয়েছিল। পাকিস্তান ২০১০-এ শেষ স্কোয়াশে সোনা জিতেছিল, যা গুয়ানঝৌতে আয়োজিত হয়েছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
