‘ইস বার শ পার’, ছবি সৌজন্যে, নরেন্দ্র মোদীর টুইটার
অলস্পোর্ট ডেস্ক: শনিবার হ্যাংঝৌ এশিয়ান গেমস-এ ভারতীয় কন্টিনজেন্ট আনুষ্ঠানিকভাবে ১০০ পদকের গন্ডি স্পর্শ করেছে। ‘ইস বার শ পার’-এর ট্যাগলাইনকে সত্যি করে দিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে ভারতীয় প্রতিযোগীরা। অবশ্য, শুক্রবারই পদক তালিকায় ভারত সেঞ্চুরির নিশ্চয়তা পেয়ে গিয়েছিল। কারণ গতকাল খেলা শেষ হয়েছিল ৯৫টি পদক নিয়ে এবং যে পদকগুলি নিশ্চিত হয়েছিল সেগুলি হল- তীরন্দাজি (৩), কবাডি (২), ব্যাডমিন্টন (১), ও পুরুষদের ক্রিকেট (১)। শনিবার সেই নিশ্চিত পদকগুলির মধ্যে ব্যাডমিন্টন ছাড়া সবকটি সফল হয়েছে। উল্টে তীরন্দাজিতে বেড়েছে আরও একটি পদক। ফলে এটি এশিয়াডে ভারতের সবচেয়ে সফলতম বছর। এদিন ফাইনালে চীনা তাইপেইয়ের বিরুদ্ধে ভারতের মহিলা কবাডি দলের জয় ভারতকে ১০০তম পদকটি এনে দিয়েছে।
এটি মহাদেশীয় ইভেন্টে মহিলা কবাডি দলের তৃতীয় শিরোপা জয়। ২০১৮-এর ইন্দোনেশিয়া সংস্করণে ভারতীয় দল রানার্স আপ ছিল। এবার সোজা বিজয়ী দল হয়ে ফিরল তাঁরা। সঙ্গে, ভারতের সংগ্রহে এখন ২৫টি সোনা, ৩৫টি রুপো এবং ৪০টি ব্রোঞ্জ পদক রয়েছে। আরও কয়েকটি পদক ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে, শুধু পাওয়ার অপেক্ষা।
ইন্দোনেশিয়া সংস্করণে আগেরবার ভারত ৭০টি পদক জিতেছিল। যেখানে দেশের ক্রীড়াবিদরা তাদের সেরা পার্ফমান্স্ দিয়ে ১৬টি সোনা, ২৩টি রুপো এবং ৩১টি ব্রোঞ্জ পদক জিতেছিল। শুটিং (২২) এবং অ্যাথলেটিক্স (২৯) থেকে সবচেয়ে বেশি রেকর্ড ৫১টি পদকের অবদান ছিল সেইবার। এবার ভারত নিজেই নিজের রেকর্ড ভেঙে আরও সাফল্য লাভ করেছে।
পদকসংখ্যা ১০০ ছাড়াতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শুভেচ্ছাবার্তা জানান ভারতীয় ক্রীড়াবিদদের। তিনি টুইটে লেখেন, ‘‘এশিয়ান গেমসে ভারতের জন্য এটি একটি অভূতপূর্ণ সাফল্য। ভারতের সকল জনগণ অত্যন্ত আনন্দিত যে আমরা ১০০ পদকের মাইনস্টোন ছুঁয়ে ফেলেছি। আমাদের অসাধারণ ক্রীড়াবিদদের আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই যাদের কঠোর প্রচেষ্টার জন্য ভারত আজ এই ঐতিহাসিক মাইলফলক ছুঁয়ে ফেলেছে। তাদের প্রতিটি পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে এবং আমাদের হৃদয় গর্বে ভরিয়ে তুলেছে। আমি ১০ তারিখে এশিয়ান গেমস কন্টিনজেন্টের আয়োজন করছি এবং আমাদের ক্রীড়াবিদদের সঙ্গে আমি আলাপচারিতা করব সেখানে।’’
১৯৫১ সালে শুরু হয়েছিল এই মহাদেশীয় ইভেন্ট। এই টুর্নামেন্টের শুরুর থেকেই ভারতের নাম জড়িয়ে আছে। প্রথম প্রতিযোগিতার আসর বসেছিল ভারতেরই দিল্লিতে। সেইবার ভারত পেয়েছিল ৫১টি পদক। তারপর থেকে পদকের সংখ্যা ৫০-এও গড়ায়নি দেশের। দীর্ঘ ৩১ বছর পর ১৯৮২-তে আবার এশিয়াডে ৫৭টি পদক নিশ্চিত করেছিল ভারত। আবার কয়েক বছর পদক সংখ্যা কমতে থাকে। এরপর ২০০৬ দোহা গেমসে, ৫৩টি পদক জিতেছিল দেশ। সেই থেকে এখনও পর্যন্ত ৫০-এর নীচে নামেনি পদকসংখ্যা। উল্টে বছরের পর বছর তা বৃদ্ধি পাচ্ছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
