মিচেল সান্টনার
অলস্পোর্ট ডেস্ক: সোমবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডসের ম্যাচে মাত্র একটি ডেলিভারিতে ১৩ রান করে অসম্ভব কীর্তি সাধন করেন নিউজিল্যান্ড ব্যাটার মিচেল সান্টনার। নিউজিল্যান্ড ইনিংসের শেষ বলে এই ঘটনাটি ঘটান তিনি। নেদারল্যান্ডের বোলার বাস ডি লিডি বল করছিলেন। তিনি শেষ বলটিতে ফুল টস ছুঁড়ে দেন, সেই বলে সান্টনার ছয় মারেন। আম্পায়ার বলটিকে নো-বল ঘোষণা করেন এবং একটি ফ্রি হিট দেওয়া হয় নিউজিল্যান্ডকে। পুনরায় বল করতে হয় লিডিকে। সান্টনার তখনও স্ট্রাইকে এবং বল আসতেই তিনি আরও একটি ছক্কা হাঁকান। দু’টি ছয় ও একটি নো-বলে স্কোর দাঁড়ায় ১৩ রান, মাত্র একটি ডেলিভারিতে।
মিচেল সান্টনার একটি দুর্দান্ত ইনিংস খেলেন সোমবার। তারপরই আবার নেদারল্যান্ডসের পাঁচটি উইকেট তুলে নিয়ে ৯৯ রানে নিউজিল্যান্ডকে জিতিয়ে দেন তিনি। এদিন ডাচ দল সান্টনারের বিধ্বংসী রূপ দেখে। মাত্র ৫৯ রানে পাঁচটি উইকেট নেন তিনি। এছাড়া ৩১ বছর বয়সী, এই বাঁহাতি ব্যাট করতে নেমেও ১৭ বলে ৩৬ রান করেন এবং তাঁর ১৩ রানে দলের ইনিংস শেষ হয় ৩২২-৭ স্কোরে। ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম স্পিনার তিনি, যিনি সর্বোচ্চ পাঁচটি উইকেট নিয়ে প্রতিপক্ষ দলকে ৪৬.৩ ওভারেই ২২৩ রানে অল-আউট করিয়ে দেন।
এই নিয়ে পরপর দু’টি ম্যাচ জিতে গেল নিউজিল্যান্ড। ম্যাচ শেষে কিউই অধিনায়ক টম বলেন, ‘‘আমরা প্রথমে ব্যাট করতে নেমে ভাল করেছি, পার্টনারশীপ গড়েছি ভালভাবে এবং বোলাররা আজ দুর্দান্ত খেলেছে।”
এদিনের ম্যাচে ওপেনিং জুটি উইল ইয়ং ও রচিন রবীন্দ্র এবং অধিনায়ক টম ল্যাথাম প্রতেকের ব্যাটেই হাফ সেঞ্চুরি আসে যা নিউজিল্যান্ডের ইনিংসকে অনেকটাই এগিয়ে রাখে। ইয়ং ৮০ বলে ৭০ রান করেন, অধিনায়ক ল্যাথাম ৪৬ বলে ৫৩ এবং রবীন্দ্র ৫১ বলে ৫১ রান করেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
