অলস্পোর্ট ডেস্ক: বিগত বেশ কয়েক বছর ধরেই অলিম্পিক-এ ক্রিকেটের অন্তর্ভুক্তি করানোর দাবি উঠছিল। এবার তা সত্যি হতে চলেছে। দীর্ঘ ১২৮ বছর পর সেই অলিম্পিকে ফিরিয়ে আনা হচ্ছে ক্রিকেটসহ আরও বিশেষ কিছু খেলা। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলা হতে পারে ক্রিকেট। যা শেষ ১৯০০-তে প্যারিস অলিম্পিকে খেলা হয়েছিল। মুম্বইয়ে ১৪ এবং ১৫ অক্টোবর আইওসির সভার আয়োজন করা হয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অলিম্পিক্স কমিটি।

জানা যাচ্ছে, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে টি-টোয়েন্টি ফর্ম্যাটেই খেলা হবে ক্রিকেট। ক্রিকেটকে বিশ্বস্তরে খেলানোর জন্য অনেক চেষ্টা করেছিল আইসিসি। ফলে এই খবরে আইসিসি আনন্দ প্রকাশ করে। আইসিসির চেয়ারম্যান প্রেগ বার্কলে বলেন, ‘‘অলিম্পিক কমিটির এই প্রস্তাবে আমরা অত্যন্ত আনন্দিত। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, এটি একটি বিরাট উদ্যোগ। এক শতক পরে ক্রিকেট অলিম্পিকে যুক্ত হতে চলেছে।’’
পূর্বে যে ২৮টি খেলার তালিকা পাঠানো হয়েছিল, তার মধ্যে ক্রিকেট ছিল না। তবে জুলাইতে আরও ন’টি খেলার তালিকা তৈরি করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সেই তালিকায় ক্রিকেট অন্তর্ভুক্তি করানো হয়। ক্রিকেট-সহ আরও পাঁচটি খেলা যুক্ত করা হয়েছে তালিকায়। সেগুলি হল- বেসবল, ফ্লাগ ফুটবল, স্কোয়াশ এবং ল্যাকরোসে। আইসিসির তরফে জানানো হয়েছে, ক্রিকেটে মহিলা এবং পুরুষ দুই বিভাগে মোট ছটি করে দল খেলবে অলিম্পিকে। র্যাঙ্কিংয়ে প্রথম ছয়ে যাদের নাম থাকবে তারাই খেলবে টুর্নামেন্টে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
