ইডেন হ্যাজার্ড। ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম
অলস্পোর্ট ডেস্ক: বেলজিয়ান তারকা মিডফিল্ডার ইডেন হ্যাজার্ড মঙ্গলবার ফুটবলের সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট লিখে একথা জানান তিনি। রিয়াল মাদ্রিদ থেকে বেরানোর পর আর অন্য কোনও ক্লাবে যুক্ত হননি তিনি। ২০১৯-এ চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসেন হ্যাজার্ড। ৩২ বছর বয়সী এই ফুটবলার রিয়াল মাদ্রিদে আসার পর গভীর চোটের কারণে বহুদিন খেলার বাইরে ছিলেন। যারজন্য, শেষ চারটি মরসুমে মাত্র ৭৬টি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি।
এদিন হ্যাজার্ড তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘‘একটা সময়ে এসে আপনাকে নিজের কথা শুনতে হবে এবং সঠিক সময়ে থামতে জানতে হবে। ১৬ বছরে ৭০০টিরও বেশি ম্যাচ খেলার পর, আমি আমার পেশাদার ফুটবলার কেরিয়ার থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
চেলসিতে থাকাকালীন হ্যাজার্ডের অনেক বেশি সুখের দিন কেটেছে। ২০১২-২০১৯-এ দুইবার প্রিমিয়ার লিগ খেতাব এবং ইউরোপা লিগ জেতার পাশাপাশি এফএ এবং লীগ কাপও জিতেছিলেন তিনি। এছাড়া, ২০১৮-এর ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে পরাজিত করে তাঁর বেলজিয়াম দল সেমিফাইনালে উঠেছিল, কিন্তু সেমিফাইনালে সেইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল দল। তবে গত বছরের বিশ্বকাপ ফাইনালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বেলজিয়ামকে।

পোস্টে হ্যাজার্ড আরও লেখেন, ‘‘আমি আমার স্বপ্নকে উপলব্ধি করতে পেরে খুশি, আমি বিশ্বের অনেক পিচে খেলেছি এবং অনেক আনন্দ করেছি।” তিনি তাঁর ক্লাব এবং বেলজিয়াম ফেডারেশনের পাশাপাশি বন্ধু, পরিবার, কোচ এবং ভক্তদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পোস্টটি সমাপ্ত করেন।
‘‘আমার এই ফুটবল কেরিয়ারে আমি দুর্দান্ত সব কোচেদের এবং সতীর্থদের সঙ্গে আলাপ করার সৌভাগ্য পেয়েছি। এই মূল্যবান সময়গুলির জন্য ধন্যবাদ, আমি সবাইকে মিস করব। এবং অবশেষে, আমার ভক্তদের, যারা এত বছর ধরে আমার পাশে থেকেছেন, যেখানেই আমি খেলেছি সেখানেই আপনাদের সমর্থন এবং উৎসাহ পেয়েছি। আপনাদের সকলকেও অনেক ধন্যবাদ,’’ তিনি শেষ করেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
