Cart Total Items (0)

Cart

All Sports India
ভারতীয় দল

অলস্পোর্ট ডেস্ক: আবারও একটা ভারত-পাক মহাদ্বৈরথ, আবারও একবার জয় ভারতের এবং সেখানে অষ্টমবারের মতোন হার পাকিস্তান দলের। শনিবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ভারত বনাম পাকিস্তানের ম্যাচে আরও একটা সহজ জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। পাকিস্তান দলের ভাগ্য নেহাত এতটাই খারাপ যে ভারতের বিরুদ্ধে সেই ১৯৯২ থেকে ২০২৩ পর্যন্ত এই নিয়ে টানা আটটি বিশ্বকাপ ম্যাচে হারের মুখ দেখল তারা। এদিনও তার অন্যথা হল না। উল্টে ম্যাচে উইকেটের বন্যা বইল পাক শিবিরে। ভারতীয় বোলারদের দাপট রুখতে পারল না তাঁরা। ৪২.৫ ওভারেই পাকিস্তানকে অল আউট করে দেয় ভারত। বাবর আজমদের ব্যাটে আসে মাত্র ১৯১ রান। জবাবে পাকিস্তানের বিরুদ্ধে ১৯২ রানের ইনিংস জলভাতের মতোন খেলে ৩০.৩ ওভারে, ৩ উইকেটে ম্যাচ শেষ করে দেয় ভারতীয় দল।

এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ফলে প্রথমে ব্যাট করতে নামে পাকদল। আবদুল্লা শফিক (২০) এবং ইমাম উল হকের (৩৬) ওপেনিং জুটি ভালই শুরু করেছিল। কিন্তু শেষটা আর ভাল হয়নি তাদের জন্যে। বাবর-রিজওয়ান জুটি মিলে ৯৯ রানের অবদান রাখে। রিজওয়ানের হাফ সেঞ্চুরি হতে বাকি ছিল আর মাত্র এক রান। কিন্তু জসপ্রীত বুমরার বল সেটা আর হতে দেয়নি। ৪৯ রানে আউট হয়ে যান তিনি। বাবর নিজের অর্ধ-শতক পূর্ণ করতে সফল হলেও, তারপরই আউট হন মহম্মদ সিরাজের বলে। এই জুটিগুলিকে মাত দেওয়ার পরে ম্যাচ চলে আসে ভারতের হাতে। তারপরে যারাই এলেন টিকতে পারলেন না ক্রিজে। ৩০ রানে ছয় উইকেট হারায় তাদের দল। সাউদ শাকিল (৬), ইফতিকার আহমেদ (৪), শাদাব খান (২), মহম্মদ নওয়াজ (৪), হাসান আলি (১২), হারিস রউফ (২), পাকিস্তানের এই উইকেটগুলি পরপর লুফে নেন ভারতীয় বোলাররা। ২টি করে উইকেট নিয়ে সফল বুমরাহ, কুলদীপ, হার্দিক, জাদেজা এবং সিরাজ। এদিন শুধুমাত্র শার্দুলের বলে কোনও উইকেট আসেনা।

এরপর শুরু হয় ভারতের দাপটীয় ব্যাটিং ইনিংস খেলা। ওপেনিং করতে নামেন অধিনায়ক রোহিত শর্মা এবং প্রথম বিশ্বকাপে অভিষেক পাওয়া শুভমান গিল। শাহিন শাহ আফ্রিদির প্রথম বলেই চার মেরে নিজের প্রভাবশালী মেজাজে খেলা শুরু করেন অধিনায়ক। এদিকে সদ্য ডেঙ্গি থেকে ফেরা শুভমান বড় রান না পেলেও ১১ বলে ১৬ রানের ইনিংস খেলে শাহিনের বলে আউট হয়ে যান‌। তবে উইকেটের অন্য প্রান্তে রোহিত তখনও দাপটে দাঁড়িয়ে রয়েছেন। নিজেকে তিনি আবারও হিটম্যান প্রমাণ করলেন ৬৩ বলে ৮৬ রানের অসাধারণ ইনিংস খেলে। আফগানিস্তান ম্যাচের মেজাজেই এই ম্যাচেও ধরা দিলেন তিনি, মারলেন ছয়টি চার এবং ছ’টি ছক্কা। বিরাট কোহলির (১৬) ব্যাটে তেমন বিশেষ রান উঠল না এদিন, কিন্তু দায়িত্ব নিয়ে নিজের সেরা দিয়ে ব্যাট করে গেলেন শ্রেয়স আইয়ার। দলকে জিতিয়েই একেবারে মাঠ ছাড়লেন তিনি। ৬২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেললেন এবং তিনটি চার ও দু’টি ছয় মেরে নিজের হাফ সেঞ্চুরি ধরে রাখলেন শ্রেয়স। পাশে পেলেন লোকেশ রাহুলের পার্টনারশীপ। রাহুল ১৮ রান করে অপরাজিত থাকলেন ম্যাচে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *