অলস্পোর্ট ডেস্ক: দুর্গাপুজোর আমেজে সেজে উঠেছে তিলোত্তমা। এরইমধ্যে শহরে পা রাখলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল তারকা রোনাল্ডিনহো গাউচো। রবিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে পৌঁছান তিনি। তাঁকে স্বাগত জানান বাংলার দমকলমন্ত্রী সুজিত বসু। রোনাল্ডিনহোকে উত্তরীয় পরিয়ে এবং বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি উপহার দিয়ে কলকাতায় বিশেষভাবে স্বাগত জানানো হয়।
এদিন বিমানবন্দরে কিংবদন্তি তারকাকে দেখবার জন্য ভিড় উপচে পড়েছিল। বহু মানুষ বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছিল প্রিয় তারকাকে একঝলক দেখে নেওয়ার জন্য। তিনি বিমানবন্দর থেকে বেরোতেই তাকে ঘিরে ভিড় আছড়ে পড়ে, তবে কলকাতা পুলিশ বাহিনীর তরফ থেকে কড়া নিরাপত্তা প্রদান করা হয় রোনাল্ডিনহোর জন্য। তাঁকে ঘিরে এই ভিড় দেখে আবেগে ভাসেন ফুটবল তারকা নিজেও। মাইক নিয়ে ভক্তদের উদ্দ্যেশে দু-চার লাইন কথা বলে গাড়িতে উঠে যান তিনি। রবিবার বাকি সময়টুকু হোটেলে ফিরে বিশ্রাম নেন, কারণ আজ সকাল থেকে পরপর দুইদিনের ঠাঁসা সূচি রয়েছে তাঁর।
সোমবার সকালে মার্লিন গ্রুপ অ্যাকাডেমির অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে নিজের নামের ‘আর-১০’ অ্যাকাডেমিতে যাবেন এবং কথা বলবেন ফুটবলারদের সঙ্গে। এরপর কলকাতার বিশেষ পুজো মন্ডপগুলি ঘুরে দেখবেন তিনি। প্রথমেই চলে যাবেন দমকল মন্ত্রী সুজিত বসুর বিখ্যাত শ্রীভূমিতে। তারপর একে একে বাকি মন্ডপগুলি পরিদর্শন করা হয়ে গেলে শোনা যাচ্ছে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন। যেমনটি কথা ছিল, সেখানে গিয়ে নিজের সই করা জার্সি উপহার দেবেন মুখ্যমন্ত্রীকে।
এরপর মঙ্গলবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করারও কথা রয়েছে তাঁর। এরপরেই প্রধান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি, যার জন্য অধীর অপেক্ষায় বসে রয়েছেন ফুটবলপ্রেমীরা। মহেশতলায় একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেবেন রোনাল্ডিনহো। বল পায়ে আবার খেলতে দেখা যাবে যাদুকরকে। অন্তত দশ মিনিট খেলবেন তিনি। তারপর রিষড়াতে যাওয়ার কথাও আছে তাঁর। সবশেষে বুধবার কলকাতা থেকে একদিনের সফরে ঢাকা যাবেন রোনাল্ডিনহো।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
