অলস্পোর্ট ডেস্ক: সোমবার বেলজিয়াম বনাম সুইডেন ইউরো ২০২৪-এর যোগ্যতা অর্জন ম্যাচ ছিল। যেটি আয়োজিত হয়েছিল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কিং বাউডোইন স্টেডিয়ামে। ম্যাচ ভালই এগোচ্ছিল, হাফটাইমে স্কোর দাঁড়ায় ১-১। ঠিক সেইসময় যেখানে খেলা চলছিল, তার থেকে পাঁচ কিলোমিটার দূরে গুলি চলে। প্রাণ হারান সুইডেনের দুই সর্মথক। এই ঘটনাটি ম্যাচ কর্তৃপক্ষদের কানে আসলে তারা প্রথমে ম্যাচ স্থগিত রাখার নির্দেশ দেন। তারপর দুই দলের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় পুলিশদের সঙ্গে আলোচনা করে পুরোপুরি ম্যাচ বাতিল করে দেওয়া হয়। দুই সুইডিশকে গুলি করে হত্যার খবর মাঠে থাকা দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়তেই হুলস্থুল পড়ে যায়। অনেকেই স্টেডিয়ামে কান্নায় ভেঙে পড়েন। তবে নিরাপত্তার কারণে ভক্তদের স্টেডিয়ামেই থাকতে বলা হয়। ফুটবলাররাও আর ড্রেসিং রুম থেকে বার হননি। স্টেডিয়ামের সব গেট বন্ধ করে দেওয়া হয় এবং কড়া পুলিশি নজরদারি রাখা হয়েছিল।
পরবর্তীতে উয়েফার তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘আজ সন্ধ্যায় ব্রাসেলসে একটি সন্দেহভাজন সন্ত্রাসী হামলার পরে, দুই দল এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর উয়েফা সিদ্ধান্ত নিয়েছে যে বেলজিয়াম এবং সুইডেনের মধ্যে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচটি বাতিল করা হচ্ছে।’’
বেলজিয়ামের সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, নিহত দুইজনের পরনে সুইডেন জাতীয় দলের জার্সি ছিল। সুইডেনের ফুটবলাররা এই বিষয়টি জানতে পেরে ভেঙে পড়েছিলেন। এইরকম পরিস্থিতিতে দ্বিতীয়ার্ধের ম্যাচ খেলা ঠিক হত না, ফলে ম্যাচটি বাতিল করারই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশন সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করে বলে, ‘‘আমরা ব্রাসেলসের ঘটনায় সমবেদনা জানাচ্ছি। নিহত দুই ভক্তের পরিবারের পাশে আছি আমরা।’’
বেলজিয়াম ফুটবল থেকেও বার্তা আসে, নিহতদের উদ্দ্যেশে শোক প্রকাশ করেন তাঁরাও। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো টুইট করে সুইডেনের প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়েছেন।
কারা বা কেন সেই সুইডিশদের হত্যা করল সেই বিষয়ে তদন্ত চলছে। এখনও কিছু পরিষ্কর নয়। তবে জানা যাচ্ছে এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি যোগের সম্ভবনা রয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী মঙ্গলবার মন্ত্রিসভায় জরুরি বৈঠক ডেকেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
