পিভি সিন্ধু
অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার ডেনমার্ক ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় শাটলার পিভি সিন্ধু এবং আকার্শি কাশ্যপ মহিলাদের সিঙ্গলস ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। কিন্তু হতাশাজনকভাবে পুরুষদের সিঙ্গলস থেকে কিদাম্বি শ্রীকান্তকে নিতে হয়েছে বিদায়।
৫৬ মিনিটের ওপেনিং রাউন্ডের ম্যাচে, দুইবারের অলিম্পিক পদক বিজয়ী সিন্ধু বিশ্বের ২৮ নম্বর স্কটল্যান্ডের কির্স্টি গিলমোরকে ২১-১৪, ১৮-২১, ২১-১০ গেমে হারিয়েছিলেন। অন্যদিকে ৩৮ তম বাছাই আকার্শি, জার্মানির ২৬ তম বাছাই লি ইভোনকে ব্যর্থ করেছেন ১০-২১, ২২-২০, ২১-১২ পয়েন্টের গেমে।
সিন্ধু গত সপ্তাহে আর্কটিক ওপেনের সেমিফাইনালে পৌঁছেছিলেন কিন্তু সেমি রাউন্ডে ব্যর্থ হয়ে ফিরে আসেন। ডেনমার্ক ওপেনে শুরুটা তিনি ভালই করেছেন। পরের রাউন্ডে ইন্দোনেশিয়ার সপ্তম বাছাই গ্রেগোরিয়া মারিস্কা তুনজুং-এর মতোন কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবেন তিনি। ইন্দোনেশিয়ান মারিস্কা চলতি বছরেই শেষ তিনটি টুর্নামেন্টের মধ্যে দুটিতে পরাজিত করেছিলেন সিন্ধুকে। যদিও সিন্ধুর একটিতে ৮-২ পয়েন্টের হেড টু হেড রেকর্ড রয়েছে।
আকার্শির পরবর্তী লড়াইও কঠিন হতে চলেছে কারণ তিনি পরের রাউন্ডে বাঁ-হাতি থাই শাটলার সুপানিদা কাতেথং-এর বিরুদ্ধে খেলতে নামবেন৷ বিশ্বের ১৯ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা এই থাই শাটলার এবছরে সিঙ্গাপুর ওপেনে আকার্শিকে পরাজিত করেছিলেন।
২০২১-এ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক জয়ী শ্রীকান্তের জন্য এটি একটি হতাশাজনক দিন ছিল কারণ এবারে তিনি প্রথম রাউন্ডেই হারের মুখ দেখে ফিরলেন। পুরুষদের সিঙ্গলসে চীনের ২২তম বাছাই ওয়েং হং ইয়াংয়ের কাছে ২১-১৯, ১০-২১, ১৬-২১ গেমে হেরে ডেনমার্ক ওপেনের যাত্রা এখানেই শেষ করলেন তিনি৷
সদ্য এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির ডাবলস জুটিও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতিপক্ষ মালয়েশিয়ার ওং ইয়েউ সিন এবং তেও ইয়ে ই-এর কাছে হেরে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
