Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ এ বারের আইপিএলে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাউন্ডারি ছোট। হাই স্কোরিং ম্যাচ দেখার সম্ভাবনা রয়েছে। ছোট মাঠে বড় ম্যাচ দেখার জন্য মুখিয়ে দর্শকরাও। আর বিরাট কোহলি? দীর্ঘ সময় রানের খরা চলছিল তাঁর ব্যাটে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় তিন বছর শতরান পাননি। এশিয়া কাপ থেকে রানে ফিরেছেন বিরাট। টি-টোয়েন্টি, ওয়ান ডে, টেস্টে শতরান করেছেন।

অন্যদিকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের নেতা হিসেবে ব্যাপক সফল রোহিত শর্মা। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতি বারই রোহিতের নেতৃত্বে। গত মরসুম একেবারেই ভালো কাটেনি মুম্বইয়ের। এ বারও তাদের বোলিং লাইন আপ কাগজে কলমে দুর্বল। তার প্রধান কারণ জসপ্রীত বুমরার ছিটকে যাওয়া। একই পরিণতি হয়েছে অজি পেসার ঝাই রিচার্ডসনেরও। এই দু-জন গুরুত্বপূর্ণ পেসারকে ছাড়াই খেলতে হবে মুম্বইকে। বড় ভরসা জোফ্রা আর্চার। ইংল্যান্ডের এই পেসারের পারফরম্যান্সের উপর মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং অনেকটাই নির্ভর করবে।

আরসিবি শিবিরেও সমস্যা কম নেই। জশ হ্যাজলউডের মতো পেসারকে শুরুতে বেশ কিছু ম্যাচে পাবে না তারা। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন উইল জ্যাকসের মতো অলরাউন্ডার। গত বারের তারকা ব্যাটার রজত পাতিদারকেও বেশ কিছু ম্যাচে পাওয়া যাবে না। বোলিং আক্রমণে বিকল্প প্রচুর থাকলেও অভিজ্ঞতার অভাব স্পষ্ট। ব্যাটিংয়ে অবশ্য বাজিমাত করতে পারে আরসিবি। বিরাট কোহলি ছন্দে রয়েছেন। অধিনায়ক ফাফ ডুপ্লেসির কথা ভুললেও চলবে না। তেমনই রয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। পরিসংখ্যান এবং সাম্প্রতিক পারফরম্যান্স ভুলে ঘুরে দাঁড়াতে পারলে আরসিবির বিরাট লাভ, এ বিষয়ে সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *