অলস্পোর্ট ডেস্ক: বুধবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে যে শুধু হার মানতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে, তা নয়, তিন নির্ভরযোগ্য খেলোয়াড়কেও পরের ম্যাচের জন্য হারাতে হয়েছে তাদের। রক্ষণের দুই প্রথম দলের নির্ভরযোগ্য খেলোয়াড় আশিস রাই ও হেক্টর ইউস্তেকে এ দিন লাল কার্ড দেখতে হয়। ফলে পরের ম্যাচে তাঁদের পাওয়া যাবে না। এ ছাড়াও আক্রমণের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় লিস্টন কোলাসোকেও একই কারণে পরের ম্যাচে পাবে না মোহনবাগান। অথচ পরের ম্যাচ দু’দিন পরেই লিগ টেবলের শীর্ষে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে।
এই নিয়ে সমর্থকেরা দুশ্চিন্তায় পড়ে গেলেও মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো তেমন কোনও দুশ্চিন্তা প্রকাশ করেননি। বুধবার রাতে মুম্বইয়ের কাছে ১-২-এ হারার পরে সাংবাদিকদের তিনি বলেন, “ফুটবলে এ রকম হয়। তার সমাধানও বার করতে হয়। যাদের হাতে পাব, তাদের নিয়েই দল নামাতে হবে। চোট, কার্ড সমস্যা নিয়ে কান্নাকাটি করার পক্ষপাতী আমি নই। এখন আমার কাজ পরের ম্যাচের জন্য দলকে প্রস্তুত করা। আমি জানি শনিবারের ম্যাচের জন্য কাদের পেতে পারি। সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করে ঘরের মাঠে খেলতে নামব”।
পরের ম্যাচের আগে হাতে যে বেশি সময় নেই তা মনে করিয়ে দিয়ে ফেরান্দো বলেন, “এখন আমাদের হাতে বেশি সময় নেই। যতটুকু সময় রয়েছে, ততটুকু সময়ের মধ্যে পরিকল্পনা তৈরি করে তা কার্যকর করার জন্য মাঠে নামতে হবে এবং এফসি গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতেও হবে। এ ছাড়া আমাদের হাতে আর কোনও বিকল্প নেই। লিস্টন, রাই, হেক্টরদের বাদ দিয়েই খেলতে হবে। পরিবর্ত খেলোয়াড়রা সুযোগ পাবে। এটা তাদের পক্ষে ভাল”।
বুধবার মুম্বই ফুটবল এরিনায় প্রথমার্ধে জেসন কামিংসের গোলে এগিয়ে যাওয়া সত্ত্বেও সেই ব্যবধান ধরে রাখতে পারল না মোহনবাগান। ৪৪ মিনিটে সমতা আনেন গ্রেগ স্টুয়ার্ট এবং ৭৩ মিনিটে বিপিন সিংয়ের দেওয়া গোলে আটবারের মুখোমুখিতে ছ’নম্বর জয়টি পেল সাগরপাড়ের দল।
চলতি লিগে এই প্রথম হারের মুখ দেখল মোহনবাগান এসজি। এর আগে টানা সাতটি ম্যাচে অপরাজিত (৬টি জয় ও ১টি ড্র) থাকার পরে আট নম্বর ম্যাচে হারে তারা। এই হারের ফলে লিগ টেবলে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রয়ে গেল মোহনবাগান এসজি এবং সমানসংখ্যক পয়েন্ট অর্জন করে চার নম্বরে উঠে এল মুম্বই সিটি এফসি।
এ দিনের ম্যাচে মুম্বই সিটি এফসি-র চারজন ও মোহনবাগান এসজি-র তিনজন ফুটবলার লাল কার্ড দেখেন। হোম টিমের আকাশ মিশ্র, গ্রেগ স্টুয়ার্ট, বিক্রম প্রতাপ সিং ও অধিনায়ক রাহুল ভেকে লাল কার্ড দেখার সঙ্গে মোহনবাগানের আশিস রাই, লিস্টন কোলাসো ও হেক্টর ইউস্তেকেও এই কার্ড দেখানো হয়।
তবে রেফারি রাহুল গুপ্তার নজিরবিহীন লাল কার্ড দেখানো নিয়ে প্রশ্ন উঠলে ফেরান্দো কোনও মন্তব্য করতে চাননি। শুধু বলেন, “এই নিয়ে কিছু বলতে চাই না, সবাই দেখেছেন কী হয়েছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আমরা ন’জনে খেলে লড়াই করেছি। বেশ কয়েকটি সুযোগও পেয়েছিলাম। আজ আমার কাছে এটাই সবচেয়ে ইতিবাচক ব্যাপার”।
নিজেদের পারফরম্যান্স নিয়ে ফেরান্দো বলেন, “আমরা আজ অনেক সুযোগ তৈরি করেছি। গোল পাওয়ার পরে আমাদের দুজন খেলোয়াড় হলুদ কার্ড দেখায় আমাদের পরিস্থিতি কঠিন হয়ে যায়। আজ আমরা সেরা পারফরম্যান্স দেখাতে পারিনি। কারণ, মনবীর, দিমি, হুগো চোট সারিয়ে মাঠে ফিরেছিল আজ। এমনিতেই আমাদের কাছে ম্যাচটা কঠিন ছিল। তার ওপর ট্রানজিশনের একটা ভুলেই আমরা প্রথম গোলটা খেয়ে যাই। দ্বিতীয়ার্ধে আরও একটা। ন’জন খেলোয়াড় নিয়ে খেললে তো পরিস্থিতি কঠিন হবেই”।
দফায় দফায় খেলোয়াড় সংখ্যা কমে যাওয়ায় বারবার পরিকল্পনাও বদলাতে হয় বলে জানান সবুজ-মেরুন বাহিনীর কোচ। বলেন, “আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নেমেছিলাম, যেটা একাধিকবার বদলাতে হয়। কাজটা যদিও সোজা ছিল না। রানাকে নামিয়ে আবার পরিকল্পনা বদলাই। কিয়ানকে নামাই, কারণ, ও দ্রুত মাঝমাঠেও নেমে এসে খেলতে পারে। আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু সেগুলো শেষ পর্যন্ত কাজে লাগাতে পারিনি। সবচেয়ে বড় কথা হল, দু’দিন পরেই আমাদের আরও একটা ম্যাচ খেলতে হবে। সে কথাও মাথায় রাখতে হয়”।
(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
