Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী, ভুবনেশ্বর: একরাশ সমস্যা নিয়েই সুপার কাপ খেলতে ভুবনেশ্বর পৌঁছে গিয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গল একদিন আগে পৌঁছলেও ম্যাচের আগের দিন পৌঁছেছে কলকাতার আর এক দল। ভুবনেশ্বরে কোনও অনুশীলন ছিল না ম্যাচের আগে মোহনবাগানের। সরাসরি মঙ্গলবার সন্ধেয় শ্রীনিধির বিরুদ্ধে খেলতে নামবে দল। তার আগে দলের সহকারি কোচ ক্লিফোর্ড মিরান্ডা জানিয়ে দিলেন, প্রথম দলের প্রায় ১০ জন প্লেয়ার নেই। তার মধ্যে আট জনই জাতীয় দলের হয়ে এএফসি এশিয়ান কাপ খেলতে গিয়েছেন। বাকিরা চোটে জর্জরিত। তাই ক্লিফোর্ডকে দল বানাতে হচ্ছে তাঁদের নিয়েই যাঁরা নিয়মিত এখনও এই মরসুমে খেলেননি। এই পরিস্থিতিতেই পর পর ম্যাচ হেরে মোহনবাগানের হেড কোচের দায়িত্ব ছাড়তে হয়েছে হুয়ান ফেরান্দোকে। দায়িত্ব নিয়েও ভিসা সমস্যায় দলের সঙ্গে এখনও যোগ দিতে পারেননি হাবাস। তাই হেড কোচকে ছাড়াই সুপার কাপ শুরু করতে হচ্ছে মোহনবাগানকে।

ক্লিফোর্ড মিরান্ডা বলছিলেন, “আমাদের দলের অনেক প্লেয়ার জাতীয় দলে রয়েছে। বাকি অনেকে চোটের জন্য বাইরে। আমাদের তাঁদের দিয়ে খেলতে হবে যারা নিয়মিত এখনও খেলনি। তবে এটা কোনও অজুহাত নয়। যা আছে আমরা তা নিয়েই নিজেদের সেরা দিতে প্রস্তুত।” তবে, এই মোহনবাগান দলের খেলার ধরন কী হবে তা নিয়ে কোনও কথা বলতে চাননি তিনি। গত মরসুম থেকে মোহনবাগান হুয়ান ফেরান্দোর দেখানো পথেই সাফল্য পেয়েছে, প্লেয়াররা সেই ছকে খেলেই অভ্যস্ত। হাবাস তার মধ্যেই সশরীরে না ঢুকলেও হুয়ান যাওয়ার পর ক্লিফোর্ডের সঙ্গে তাঁর যে দীর্ঘ আলোচনা হয়েছে সেটা মেনে নিলেন তিনি।

তিনি বলেন, “হাবাসের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। তবে কী ফর্মেশনে খেলা হবে সেটা দলের অন্দরে বিষয়, সেটা নিয়ে আলোচনা করতে চাই না। আইএসএল-এর পর কিছুটা ব্রেক নিয়ে ফিরে আমরা সুপার কাপের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। তবে এটাও ঠিক জাতীয় দলে আট জন, চোটের জন তিন-চারজন প্লেয়ার নেই। এই অবস্থায় আমরা একটি একটি করে ম্যাচ ধরেই এগবো।”

তবে অনেক সমস্যার মধ্যেই আত্মবিশ্বাসের কথাও বলছেন মোহনবাগানের সহকারি কোচ। তিনি বলেন, “আমরা এখানে জিততেই এসেছি। সব রিয়ালিটিকে মেনে নিয়েই আমাদের এগোতে হবে। আইএসএল-এর দ্বিতীয় পার্ট শুরু হওয়ার আগে এই টুনামেন্ট প্রস্তুতি হিসেবে কাজ করবে।”

এই পরিস্থিতিতে তাঁর মুখে হুয়ানের খেলা স্টাইলের কথাও শোনা গেল। তিনি বলেন, “আমি দীর্ঘ সময় হুয়ানের সঙ্গে কাজ করেছি। আগে গোয়ায় আর তার পর মোহনবাগানে। আমাদের কোচিং স্টাইল একই রকম, সে আক্রমণ হোক বা রক্ষণ, আমরা একইরকমভাবে ভাবি। খেলার অনেক ধরন রয়েছে, সবার প্রতি সম্মান রেখে নিজেদের খেলাটা খেলতে হবে। আমরা সেই খেলাটাই খেলব যাতে আমরা জিততে পারি।” মঙ্গলবার শ্রীনিধির বিরুদ্ধে সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *