অলস্পোর্ট ডেস্ক: আইএসএল ২০২৩-২৪-এর লিগ পর্ব যত শেষের দিকে এগোচ্ছে, ততই ক্রমশ প্লে অফের দৌড় জমে উঠছে। এক নম্বর জায়গা তো বটেই, সেরা ছয়ের দৌড়েও রয়েছে অনেক দল, যাদের মধ্যে কারা শেষ পর্যন্ত কোথায় থেকে শেষ করবে, তার কোনও ইঙ্গিতও পাওয়া যাচ্ছে না এখন।
লিগের সব দলেরই ১৮-১৯টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। চারটি দল ইতিমধ্যেই প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। তাদের মধ্যে এখন চলছে শীর্ষে থেকে লিগ শেষ করে লিগশিল্ড জয়ের লড়াই। বাকি আটটির মধ্যে সাতটি দলের মধ্যে এখন চলছে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করার লড়াই।
নানা জল্পনা চলছে ফুটবল মহলে। চলছে নানা অঙ্কও। কে, কী করলে শীর্ষে উঠতে পারবে অথবা সেরা ছয়ে থাকতে পারবে, তা নিয়ে। এই বদলাতে থাকা অঙ্কের ওপর নিয়মিত আলোকপাত করছে ইন্ডিয়ান সুপার লিগের অফিশিয়াল ওয়েবসাইট। দেখে নেওয়া যাক, এই মুহূর্তে কে কোথায় দাঁড়িয়ে। কোন দলের সম্ভাবনা কেমন এবং কোথায় পৌঁছতে গেলে কোন দলকে কী করতে হবে।
মুম্বই সিটি এফসি: ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট, অবস্থান- ১
ম্যাচ বাকি: বনাম হায়দরাবাদ এফসি, ওডিশা এফসি, মোহনবাগান এসজি
প্লে-অফে খেলছেই মুম্বই সিটি এফসি। কিন্তু তাদের ভাগ্য তাদের নিজেদেরই হাতে। বাকি তিন ম্যাচেই তারা জিতলে তাদের টানা দ্বিতীয়বার লিগশিল্ড জয় নিশ্চিত হয়ে যাবে। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে তাদের ম্যাচ ড্র হলে? তা হলেও মুম্বইয়ের পক্ষে লিগশিল্ড জয়ের রাস্তা খোলা থাকবে। কিন্তু তা নির্ভর করবে মোহনবাগানের ওপর। যদি তারা বাকি তিনটি ম্যাচের মধ্যে কোনও একটি ম্যাচে জিততে না পারে, তা হলে মুম্বইয়ের ভাগ্য শিকে ছিঁড়তে পারে।
মোহনবাগান সুপার জায়ান্ট: ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট, অবস্থান- ২
ম্যাচ বাকি: বনাম চেন্নাইন এফসি, পাঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি
প্লে অফে জায়গা পাকা করে ফেলেছে গতবারের নক আউট চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি হওয়ার আগে আরও তিনটি ম্যাচ খেলতে হবে তাদের। ঘরের মাঠে চেন্নাইন এফসি এবং পাঞ্জাব এফসি ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তাদের মাঠে। শেষ চার ম্যাচেই যদি তারা জেতে, তা হলে তাদের লিগশিল্ড জয় কেউ আটকাতে পারবে না। যদি তারা প্রথম তিন ম্যাচে জিতে মুম্বইয়ের বিরুদ্ধে ড্র করে, তা হলেও লিগশিল্ড জিততে পারে। যদি প্রথম তিনটির মধ্যে দু’টিতে জেতে, তা হলেও লিগ শিল্ড জেতার উপায় থাকবে। সেক্ষেত্রে মুম্বইকে দু’গোলের ব্যবধানে হারাতে হবে।
এফসি গোয়া: ১৯ ম্যাচে ৩৬, অবস্থান- ৩
ম্যাচ বাকি: হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, চেন্নাইন এফসি
প্লে অফে জায়গা পাকা করা নিয়ে তাদের আর কোনও চাপ নেই। তা করেই ফেলেছে গোয়ার দল। খাতায় কলমে তাদের এখনও লিগশিল্ড জয়ের সম্ভাবনাও আছে। মোহনবাগান ও মুম্বই যদি ছ’পয়েন্ট করে নষ্ট করে এবং ওডিশা এফসি যদি যে কোনও একটি ম্যাচে পয়েন্ট খোয়ায় এবং অবশ্যই এফসি গোয়া যদি তাদের শেষ তিন ম্যাচেই জেতে, তা হলে তাদের পক্ষে এক নম্বরে থেকে লিগ শেষ করা সম্ভব। মুম্বই ও মোহনবাগানের দ্বৈরথ এখনও বাকি, যা হবে লিগের একেবারে শেষ দিনে। মুম্বইকে খেলতে হবে ওডিশা এফসি-র বিরুদ্ধেও। গোয়ার সুবিধা, তাদের বাকি ম্যাচগুলি সবই নীচের দিকে থাকা দলগুলির বিরুদ্ধে।
ওডিশা এফসি: ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট, অবস্থান- ৪
ম্যাচ বাকি: বেঙ্গালুরু এফসি, পাঞ্জাব এফসি, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি
প্লে অফে তারা উঠেই গিয়েছে এবং লিগশিল্ড জয়েরও একটা ক্ষীণ আশা তাদের আছে, যার অনেকটাই মোহনবাগান এসজি-র হাতে। তার আগে অবশ্য ওডিশা এফসি-কে তাদের বাকি সব ম্যাচে জিততে হবে। এর পরে যদি মোহনবাগান এসজি পাঁচ পয়েন্ট খোয়ায়, তা হলে কলিঙ্গবাহিনী শীর্ষে থেকে লিগ শেষ করতে পারবে।
কেরালা ব্লাস্টার্স এফসি: ১৮ ম্যাচে ২৯, অবস্থান- ৫
ম্যাচ বাকি: জামশেদপুর এফসি, ইস্টবেঙ্গল এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, হায়দরাবাদ এফসি
প্লে অফে জায়গা সুরক্ষিত করতে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ ড্র করলেই চলবে কেরালা ব্লাস্টার্সের। কিন্তু জামশেদপুর-মুম্বই ম্যাচের ফল সংশোধন হওয়ায় এবং সেই ম্যাচে মুম্বই একের জায়গায় তিন পয়েন্ট পাওয়ায় ব্লাস্টার্সের লিগশিল্ড জয়ের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।
পাঞ্জাব এফসি: ১৯ ম্যাচে ২১, অবস্থান- ৬
ম্যাচ বাকি: ওডিশা এফসি, মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গল এফসি
চলতি মাসের প্রথম সপ্তাহেও পাঞ্জাব এফসি ছিল লিগ তালিকার ১১ নম্বরে। সেখান থেকে পরের দু’সপ্তাহে একটি ড্র ও একটি জয়ের ফলে তারা উঠে এসেছে ছ’নম্বরে। অর্থাৎ সেরা ছয়ের মধ্যে ঢুকে পড়েছে তারা। এই জায়গায় নিজেদের টিকিয়ে রাখতে হবে নিজেদের সব ম্যাচে জয় তো পেতেই হবে। এ ছাড়াও চেন্নাইন এফসি-র কোনও একটি ম্যাচে পয়েন্ট খোয়ানোর অপেক্ষাতেও থাকতে হবে তাদের। চেন্নাইন, পাঞ্জাব ও বেঙ্গালুরু প্রত্যেকেই সর্বোচ্চ ৩০ পয়েন্ট পেয়ে লিগ শেষ করতে পারে। কিন্তু হেড টু হেড রেকর্ডে বেঙ্গালুরুর চেয়ে পাঞ্জাব এগিয়ে এবং চেন্নাইন এফসি-র চেয়ে পিছিয়ে। তবে লিগ শিল্ড জয়ের কোনও সম্ভাবনাই আর নেই তাদের।
বেঙ্গালুরু এফসি: ১৯ ম্যাচে ২১, অবস্থান- ৭
ম্যাচ বাকি: ওডিশা এফসি, ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগান এসজি
গোয়ার কাছে হারার পরে প্লে অফে যাওয়া এখন আর সুনীল ছেত্রীর দলের হাতে নেই। তারা যদি বাকি সব ম্যাচে জেতে এবং চেন্নাইন এফসি ও পাঞ্জাব এফসি যদি তাদের কোনও একটি ম্যাচে পয়েন্ট খোয়ায়, তা হলে বেঙ্গালুরু এফসি-র প্লে অফে খেলার সম্ভাবনা আছে। চেন্নাইন, পাঞ্জাব ও বেঙ্গালুরু প্রত্যেকেই সর্বোচ্চ ৩০ পয়েন্ট পেয়ে লিগ শেষ করতে পারে। কিন্তু হেড টু হেড রেকর্ডে চেন্নাইন ও পাঞ্জাবের চেয়ে পিছিয়ে বেঙ্গালুরু। তাই এই দুই দলের পয়েন্ট খোয়ানোর অপেক্ষায় থাকবে তারা। তবে কোনও অঙ্কেই সুনীলদের লিগ শিল্ড জয়ের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।
জামশেদপুর এফসি: ১৯ ম্যাচে ২০, অবস্থান- ৮
ম্যাচ বাকি: কেরালা ব্লাস্টার্স এফসি, চেন্নাইন এফসি, এফসি গোয়া
অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকা ছাড়া জামশেদপুরের আর কোনও রাস্তা নেই। তাদের বাকি সব ম্যাচে জিততে তো হবেই। এছাড়া নর্থইস্ট ইউনাইটেড এফসি, বেঙ্গালুরু এফসি ও পাঞ্জাব এফসি যদি তাদের বাকি ম্যাচগুলির মধ্যে একটিতে পয়েন্ট খোয়ায়, তা হলে সেই সুযোগ আসতে পারে। লিগশিল্ড জেতার কোনও সম্ভাবনাই আর নেই তাদের।
নর্থইস্ট ইউনাইটেড এফসি: ১৯ ম্যাচে ২০, অবস্থান- ৯
ম্যাচ বাকি: কেরালা ব্লাস্টার্স এফসি, চেন্নাইন এফসি, ওডিশা এফসি
টানা তিনটি ম্যাচে হারের পর নর্থইস্টের ভাগ্য আর তাদের নিজেদের হাতে নেই। তবু প্লে অফে ওঠার লড়াইয়ে টিকে থাকতে গেলে তাদের বাকি তিনটি ম্যাচেই জিততে হবে এবং বেঙ্গালুরু ও পাঞ্জাব যদি তাদের কোনও এক ম্যাচে পয়েন্ট খোয়ায়, তা হলে তা সম্ভব হতে পারে। শিল্ডজয় তাদের কাছে এখন নিছকই কল্পনা।
ইস্টবেঙ্গল এফসি: ১৯ ম্যাচে ১৮, অবস্থান- ১০
ম্যাচ বাকি: কেরালা ব্লাস্টার্স এফসি, বেঙ্গালুরু এফসি, পাঞ্জাব এফসি
ফিরতি কলকাতা ডার্বিতে হারের পর ইস্টবেঙ্গলের প্লে অফে ওঠার রাস্তা বেশ কঠিন হয়ে গিয়েছে। এখন যা অবস্থা, তাদের সব ম্যাচে জিততে তো হবেই। এ ছাড়াও চেন্নাইনের তিন পয়েন্ট খোয়ানো এবং জামশেদপুর ও নর্থইস্টের কোনও এক ম্যাচে পয়েন্ট খোয়ানোর অপেক্ষায় থাকতে হবে। লিগশিল্ডের দৌড়ে আর নেই লাল-হলুদ বাহিনী।
চেন্নাইন এফসি: ১৮ ম্যাচে ১৮, অবস্থান- ১১
ম্যাচ বাকি: মোহনবাগান এসজি, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, এফসি গোয়া
ওয়েন কোইলের দল যদি বাকি সব ম্যাচে জেতে, তা হলে তাদের প্লে-অফে ওঠার স্বপ্ন সত্যি হতে পারে। বেঙ্গালুরু ও পাঞ্জাবের বিরুদ্ধে হেড-টু-হেড রেকর্ডে তারা এগিয়ে রয়েছে। তাই এই দুই দলও বাকি সব ম্যাচে জিতলেও চেন্নাইন-ই তাদের চেয়ে এগিয়ে থাকবে। লিগ শিল্ডের কোনও সম্ভাবনা তাদের আর নেই।
হায়দরাবাদ এফসি: ১৯ ম্যাচে ৮, অবস্থান- ১২
ম্যাচ বাকি: মুম্বই সিটি এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স
প্লে অফে ওঠার কোনও সম্ভাবনাই আর নেই হায়দরাবাদ এফসি-র। ফল যা-ই হোক।
( লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
