অলস্পোর্ট জেস্ক: আবারও হার কলকাতা নাইট রাইডার্সের। আবারও সেই ইডেন গার্ডেন। হোম গ্রাউন্ড। এবার প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। সাত ম্যাচে তিনটি জয় ও চারটি হার নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিল কেকেআর। প্রতিপক্ষ গুজরাট তখন গ্রুপ শীর্ষেই ছিল। টপ দলের মতোই খেললেন শুভমান গিলরা। টস জিতে প্রথমে গুজরাটকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে গুজরাট টাইটান্স। জবাবে ব্যাট করতে নেমে জয়ের জন্য ৩৯ রান বাকি থাকতেই শেষ হয় কলকাতার ইনিংস।
এদিন গুজরাটের হয়ে ওপেন করতে নেমেছিলেন সাই সুদর্শন ও অধিনায়ক শুভমান। দু’জনের ব্যাটেই বড় রানের ইঙ্গিত ছিল শুরু থেকেই। ওপেনিং জুটিতেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় গুজরাট। সাই সুদর্শন যখন আউট হয়ে ফেরেন তখন দলের রান ১১৪। আর সুদর্শনের নামের পাশে ৩৬ বলে ৫২ রান লেখা হয়ে গিয়েছে। সুদর্শন ফেরার পর জোস বাটলারকে নিয়ে রানের গতি ধরে রাখেন শুভমান। যদিও অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৫৫ বলে ১০টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন গিল।
এর পর রাহুল তেওয়াটিয়া কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। ওভার শেষে ৪১ রানে বাটলার ও ১১ রানে শাহরুখ খান অপরাজিত থেকে শেষ করেন। নির্ধারিত ওভারে ১৯৮-৩-এ থামে গুজরাট টাইটান্স। এদিন গুজরাট ব্যাটিংয়ের সামনে রীতিমতো অসহায় দেখায় কেকেআরের তারকা বোলারদের। বৈভব অরোরা, হর্ষিত রানা ও আন্দ্রে রাসেল একটি করে উইকেট নেন ঠিকই কিন্তু প্রচুর রানের বদলে।
ব্যাট হাতেও কলকাতার শুরুটা মোটেও ভাল হয়নি। এদিন সুনীল নারিনের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু হতাশ করলেন দু’জনেই। গুরবাজ ফিরলেন মাত্র ১ রানে আর ১৭ রানে ফেরেন নারিন। প্রতিবারের মতোই তিন নম্বরে নেমে দলের ব্যাটিংয়ের হার ধরার চেষ্টা করেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। ৩৬ বলে ৫০ রান করে আউট হন তিনি। কিন্তু আর কেউ তাঁর দেখানো পথে হাঁটতে পারেনি। ভেঙ্কটেশ আইয়ার ১৪, আন্দ্রে রাসেল ২১, রমনদীপ সিং ১, মইন আলি ০, রিঙ্কু সিং ১৭ রান করে আউট হন। অঙ্গকৃশ রঘুবংশী ২৭ ও হর্ষিত রানা ১ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ১৫৯-৮-এ থামে কলকাতা।
গুজরাট টাইটান্সের হয়ে দুটো করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণা ও রশিদ খান। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর ও সাই কিশোর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
