Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ মঙ্গলবার মোহনবাগান মাঠে প্র‌্যাকটিস ম্যাচ খেলার সময় সতীর্থ গ্লেনের কড়া ট্যাকলে চোট পেয়েছিলেন আপুইয়া। যেভাবে সতীর্থ ফুটবলার ও সাপোর্ট স্টাফের কাঁধে ভর করে মাঠ ছেড়ে বেরিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট মিডফিল্ডার আপুইয়া, তাতে আপাতদৃষ্টিতে মনে হয়েছিল, চোট গুরুতর। সবুজ মেরুন সদস্য-‌সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। কিন্তু তাঁদের জন্য স্বস্তির খবর, আপুইয়ার চোট গুরুতর নয়। বুধবার অনুশীলন ছিল না। একদিনের বিশ্রামে চোট ঠিক হয়ে যাওয়ায় বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করলেন বাগান মিডফিল্ডার।

তবে অস্বস্তি অন্য জায়গায়। মহমেডানের বিরুদ্ধে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বিপক্ষ ফুটবলারের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে হেড বাট করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন আপুইয়া। তার ফলে বিএসএফের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচে দলে ছিলেন না। ভাবা হয়েছিল, ১ ম্যাচ নির্বাসনেই আপুইয়া ছাড় পেয়ে যাবে আপুইয়া। কিন্তু টুর্নামেন্ট কমিটি তাঁর অপরাধের জন্য শোকজ করায় ডায়মন্ড হারবার ম্যাচ তো বটেই, আরও ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে, আপুইয়া শোকজের সদুত্তর দিতে না পারলে। কারণ শোকজের জবাবের ভিত্তিতেই শৃঙ্খলারক্ষাকারী কমিটি আপুইয়ার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই পরিস্থিতিতে মোলিনার প্ল্যানিংয়ে ডায়মন্ড ম্যাচে আপুইয়া না থাকার সম্ভাবনাই বেশি।

তবে আপুইয়ার খেলার সম্ভাবনা রয়েছে। কারণ বৃহস্পতিবারও সুহেল অনুশীলন করতে পারেননি বিএসএফ ম্যাচের শেষদিকে চোট পাওয়ায়। মনবীরের লাগাটা গুরুতর না হলেও, কোচ মোলিনা ঝুঁকি নিতে নারাজ। মনবীর রিহ্যাবেই সময় কাটান। অনুশীলনে নতুন করে চোট পেয়েছেন কিয়ান নাসিরি। মাঝে আরও একটা দিন সময় আছে ডায়মন্ড হারবার ম্যাচের আগে। তার মধ্যে ফিট হয়ে গেলে কিয়ান ডায়মন্ড হারবারের বিরুদ্ধে স্কোয়াডে থাকবেন।

গোলপার্থক্যের বিচারে ডায়মন্ড হারবারের তুলনায় পিছিয়ে থাকায় শনিবার যুবভারতীতে গ্রুপের শেষ ম্যাচটা জিততেই হবে মোহনবাগান এসজিকে শীর্ষ থেকে সরাসরি কোয়ার্টারফাইনালে যেতে। অন্য কোনও ফল হলে, বাগান ব্রিগেডকে সব গ্রুপের ম্যাচের ফল মিলিয়ে দ্বিতীয় সেরা হয়ে শেষ আটে যাওয়ার অপেক্ষায় থাকতে হবে। সেই অনিশ্চয়তায় না থাকতে মোলিনার লক্ষ্য শুধুই জয়। তার জন্য দুই বিদেশি ডিফেন্ডার টম আলড্রেড ও আলবার্তো রডড্রিগেজের সঙ্গে আক্রমণে জেমি ম্যাকলারেন ও জেসন কামিংসকে নামিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। বৃহস্পতিবার মাঝরাতে দিমিত্রি পেত্রাতোসের চলে আসার কথা। এসে গেলেও তাঁর খেলার সম্ভাবনা কম ফিটনেসের অবস্থা কোচের জানা না থাকায়।

ম্যাচটা নিয়ে প্রচন্ড সিরিয়াস ডায়মন্ড হারবার। সবুজ মেরুন শিবির যখন প্রচারমাধ্যমের জন্য ১৫ মিনিট অনুশীলন দেখার সুযোগ রাখছে, তখন ডায়মন্ড হারবার সেই সুযোগটুকুও দিচ্ছে না। তারা অনুশীলনের পুরোটাই রূদ্ধদ্বার রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডায়মন্ড হারবার কোচ কিবুর কাছে এই ম্যাচটা যেমন আবেগের, একদা সবুজ মেরুনের কোচ হিসেবে আইলিগ জেতানোর জন্য, অন্যদিকে, তেমন চ্যালেঞ্জের তাঁর পুরোন দলের বিরুদ্ধে কোয়ার্টারফাইনালে ওঠার কঠিন লড়াইয়ের কথা মাথায় রেখে।‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...