Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ আপাতত ঝুলে থাকছে মোহনবাগান সুপার জায়ান্ট দলের কলকাতা ফুটবল লিগে দল না নামানোর বিষয় ঘিরে আইএফএর সিদ্ধান্ত। কলকাতা ফুটবল লিগে মেসারার্সের বিরুদ্ধে মাঠে দল নামায়নি সবুজ মেরুন ব্রিগেড। এতে মেসারার্স ওয়াকওভার পায়। তবে মোহনবাগানের বিরুদ্ধে আইএফএ এখনই কোনও পদক্ষেপ নিতে পারছে না। সেটা অবশ্য মোহনবাগানের সঙ্গে সংঘাত এড়াতে নয়, আসলে বৃহস্পতিবারের পর থেকে আইএফএর পুরোন কোনও কমিটির আর অস্তিত্ব নেই বলে।

শুনতে ব্যাপারটা একটু অবাক করার মতো মনে হলেও, এটাই ঘটনা। বৃহস্পতিবার আইএফএতে নতুন গভর্নিং বডির নির্বাচন ছিল। সেটা সম্পন্ন হয়েছে। এখন নতুন গভর্নিং বডির সদস্যের নাম ও কাজ ভাগ করে ঘোষণা করা হবে ২৫ আগস্ট আইএফএর বার্ষিক সাধারন সভায়। তার ৭দিনের মধ্যে নতুন গভর্নিং বডি প্রথম মিটিং সারবে। তারপর আইএফএর নতুন লিগ কমিটি, শৃঙ্খলারক্ষাকারী কমিটি সহ অন্যান্য কমিটি কাজ শুরু করবে পুরোদমে। ততদিন পর্যন্ত মোহনবাগান এসজির বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নেওয়ার ভাবনা স্থগিত থাকছে।

ডুরান্ড কাপ কোয়ার্টারফাইনাল থাকায়, মোহনবাগান চিঠি দিয়ে অনুরোধ করেছিল মেসারার্স ম্যাচটা পিছিয়ে দিতে। তাদের যুক্তি ছিল, ডুরান্ড কাপ খেলার জন্য কোচ যুব দলের একঝাঁক ফুটবলারকে সিনিয়র দলে ডেকে নেওয়ায়, তাদের পক্ষে দল নামানো সম্ভব হবে না। আইএফএ সেই আবেদনে কর্ণপাত করেনি। তাদের পাল্টা যুক্তি, মোহনবাগানের কোয়ার্টাফাইনাল ম্যাচ খেলার বেশ কয়েকদিন আগে কলকাতা লিগে মেসারার্স ম্যাচ ছিল। আর মোহনবাগানের মতো দলের হাতে কলকাতা লিগ খেলার মতো ফুটবলার নেই, এটা ভাবতে কষ্ট হচ্ছে। মোহনবাগান চাইলে, লিগ টেবিলের একবারে তলায় থাকা মেসারার্স ম্যাচটা খেলে নিতে পারত। উপরন্তু মোহনবাগানকে তারা তো জানিয়েছিল, ডুরান্ড কাপ সেমিফাইনাল বা ফাইনালের আগে কলকাতা লিগের আর কোনও ম্যাচ দেওয়া হবে না। আইএফএ সেইমতো এখন আর কোনও ম্যাচ দেবে না মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ কোয়ার্টারফাইনাল না হওয়া পর্যন্ত। রবিবারের ডার্বির পরই ক্লাবের অবস্থান বুঝে সূচীতে দুই প্রধানের ম্যাচ ফেলবে।

মোহনবাগান এসজি টিম ম্যানেজমেন্ট খুশি হয়নি আইএফএর এই যুক্তি ও অনমনীয় মনোভাবে। তারা ম্যাচ না খেলার চরম পথই বেছে নেয়। মেসারার্সের বিরুদ্ধে মাঠে দল নামানোর ব্যাপারে আইএফএ কী সিদ্ধান্ত নেয়, তা দেখে নিজেদের পদক্ষেপ ঠিক করবে। কিন্তু পরিস্থিতি যা তাতে চলতি মাসে এব্যাপারে কোনও সিদ্ধান্ত হওয়ার সুযোগ নেই নতুন গভর্নিং বডি তৈরি হওয়ায়। তারওপর বিভিন্ন কমিটি কাজই শুরু করবে সেপ্টেম্বরের শুরু থেকে। তার জন্য তো আর কলকাতা লিগের খেলা বন্ধ থাকতে পারে না।

তাই একটা বিষয় ঘিরে ধোঁয়াশা থেকেই যাচ্ছে, মোহনবাগান যদি ২৩ আগস্ট ডুরান্ড কাপের ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়, ততদিন পর্যন্ত আইএফএ তাদের ম্যাচ নাও দিতে পারে সূচীতে, কিন্তু তারপর কতদিন না দিয়ে বসে থাকবে?‌ মেসারার্স ম্যাচ নিয়ে ফয়সলার জন্য যদি অপেক্ষায় থাকতে হয় সেপ্টম্বরের শুরুর সপ্তাহ পর্যন্ত, মোহনবাগানের ম্যাচ না দিয়ে, তাহলে তো সিকোয়েন্স না মানার প্রশ্ন উঠবে জোরালো ভাবে অন্যান্য দলের থেকে। সব মিলিয়ে গোটা লিগ থমকে যাবে। আবার মেসারার্স ম্যাচের সিদ্ধান্ত না জেনে মোহনবাগান যদি আর কোনও ম্যাচ খেলতে না চায় ডুরান্ড অভিযান শেষে, তাহলে বুঝে নিতে হবে, তারা আইএফএর সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় হাঁটছে। গত মরশুমের মতো আবার যদি কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ আদালতের রায়ের অপেক্ষায় আটকে যায়, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যের। ফুটবল যদি মাঠে না গড়িয়ে, আদালতের চৌকাঠে গড়াগড়ি খায়, তাহলে বাংলার ফুটবলের পক্ষে সেটা ভাল বিজ্ঞাপন নয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *