Cart Total Items (0)

Cart

All Sports
ফিফা

অলস্পোর্ট ডেস্ক:‌ এর আগে একবার ভারতীয় ফুটবল ফেডারেশনের আভ্যন্তরীন গোলযোগ সামলাতে আদালতের হস্তক্ষেপের কারণে ফিফা নির্বাসনের মুখে পড়েছিল ভারত। এবার আবার ফিফা নির্বাসনের খাঁড়া নেমে আসতে পারে ভারতীয় ঘরোয়া ফুটবল ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক অচলাবস্থা দ্রুত না কাটলে।

২০২২ সাল থেকে ফেডারেশনের সংশোধিত সংবিধানের বিষয়টি সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে। ফিফা বারবার স্মরণ করালেও সেব্যাপারে এখনও কোনও সুরাহা হয়নি। উল্টে ভারতের ফুটবল মরশুম অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে এআইএফএফ ও আইএসএলের পরিচালনার দায়িত্বে থাকা এফএসডিএলের মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে বিতর্কের জেরে। এতে রীতিমতো বিরক্ত এএফসি ও ফিফা। প্রচ্ছন্ন ভাবে হুমকির সুরে এএফসি ও ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছে, দ্রুত এই অচলাবস্থার অবসান না ঘটালে নির্বাসনের মুখে পড়তে হবে ভারতকে।

সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ পরিস্থিতির গুরুত্ব বুঝে এআইএফএফ ও এফএসডিএলকে অনুমতি দিয়েছে সংশোধিত সংবিধান আসার অপেক্ষায় না থেকে নিজেদের মধ্যে আলোচনায় বসে মাস্টার রাইটস এগ্রিমেন্টের ঝামেলা মেটাতে। ২৮ আগস্ট পরবর্তী শুনানিতে চুড়ান্ত রায় দানের সম্ভাবনা। এএফসির এক কর্তা জানিয়েছেন, তৃতীয় পার্টির হস্তক্ষেপের জন্য ২০২২ সালের ১৬ আগস্ট ভারতের ওপর ফিফা ব্যান নেমে এসেছিল। এবার যদি ভারতের ঘরোয়া মরশুম নিয়ে টালবাহানা চলতেই থাকে, ২৮ আগস্টেও কোনও সমাধানের রাস্তা না বেরোয়, তাহলে ফিফা নির্বাসনের মুখে পড়া অসম্ভব নয়। ক্লাব অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে। ফুটবলার, কর্মীরা মাইনে পাচ্ছে না। ফিফা ট্রান্সফার উইন্ডোর মেয়াদ ৩১ আগস্ট শেষ হয়ে যাচ্ছে। এসব ফিফার অপছন্দ।’‌

ভারতের ঘরোয়া ফুটবলের ভবিষ্যত নিয়ে চিন্তিত সকলেই। কলতাকায় ফাইনালে ডায়মন্ড হারবারকে হারিয়ে ডুরান্ড কাপ জয়ের পর উচ্ছ্বাসে ভাসলেও পরবর্তী খেলা কী তা ভেবে উদ্বেগ লুকোননি নর্থ ইস্ট ইউনাইটেডের কোচ পেদ্রো বেনালি। প্রচারমাধ্যমের কাছে বলেই ফেলেন, ‘‌ ডুরান্ড কাপ জয়ের আনন্দের রেশটা কয়েকদিন চলবে। তারপর সত্যি জানা নেই, আমাগের সামনে পরের টুর্নামেন্ট কী?‌ সুপার কাপ, না আইএসএল?‌ জেনেছি, ২৮ আগস্ট এদেশের সর্বোচ্চ আদালতে ভারতীয় ফুটবলে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটতে পারে। তা যেন হয়। নইলে আমরা সকলেই খুব সমস্যায় পড়ব।’‌

একই কথা শোনা গেছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ ও ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনার মুখেও। আইএসএল ঘিরে অনিশ্চয়তার কারণে ফুটবলারদের ৭ দিন ছুটি দিয়েছেন লাল হলুদ কোচ। তাঁরও নজর রয়েছে ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের শুনানির দিকে। তাঁর আশা, এর মধ্যে জট খুলবে। মাঠে বল গড়াবে। সেই সিদ্ধান্ত জানার পরই ফুটবলারদের আবার অনুশীলনে যোদ দিতে বলবেন। ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনাও বলেন, ‌তাঁর জানা নেই এর পরের টুর্নামেন্ট কী?‌ কোথায়, কবে খেলবে তাঁদের সিনিয়র দল?‌ আইলিগ প্রথম ডিভিশনের খেলা দেরি আছে। তার আগে সুপার কাপ হলে ফেডারেশন তাতে খেলার সুযোগ দিলে ফুটবলাররা খেলার সুযোগ পাবে। ভারতীয় ফুটবল ফেডারেশনের কাজকর্মে তিনি বিস্মিত। সারা বিশ্বের নামী ফুটবল খেলিয়ে দেশগুলোতে সারাবছরের সূচী তৈরি থাকে। সেইমতো সব খেলা হয়। দলগুলো সেভাবে নিজেদের প্রস্তুতি নিতে পারে। আর ভারতে এসবের কোনও বালাই নেই। কোনও নির্দিষ্ট সূচী দুরে থাক, কোনও খেলা আদৌ হবে কিনা,তা নিয়ে ঘোর সংশয়ে আছে সবাই। এভাবে ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব?‌ শুধু কী তাই, সোমবার কলকাতায় এসে পড়ছেন ব্রাইট এনোবাখারে ও সান্ডে কোলাওলে আফোলাবি। কিন্তু ডায়মন্ড কোচ কিবু নিজেই যেখানে জানেন না, তাঁর সামনে এরপর কী টুর্নামেন্ট, এঁরা এসে করবেন কী?

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *