অলস্পোর্ট ডেস্ক: ডুরান্ড কাপ শুরুর মুখেই প্রতিযোগিতার সংগঠক সেনাবাহিনার তরফে জানানো হয়েছিল, যুবভারতীতে ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ডুরান্ড কাপ ও সিমলা ট্রফি তুলে দেওয়া হলেও প্রেসিডেন্টস কাপ চ্যাম্পিয়নদের হাতে নিজে তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেইমতো বুধবার রাষ্ট্রপতি ভবনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডুরান্ড কাপ জয়ী নর্থ ইস্ট ইউনাইটেডের কর্ণধার জন আব্রাহামের হাতে প্রেসিডেন্টস কাপ তুলে দিলেন মাননীয় রাষ্ট্রপতি। দলের অধিনায়ক রিডিম লাং, সিইও মান্দার তামানে ও ডুরান্ড কাপের সংগঠক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের উপস্থিতিতে।
পরপর দু’বার ডুরান্ড কাপ জিতে নর্থ ইস্ট ইউনাইটেড এক অনন্য নজির গড়েছে। যুবভারতীতে ফাইনালে ডায়মন্ড হারবার এফসিকে দুরমুশ করে ৬-১ গোলে চ্যাম্পিয়ন হয় নর্থ ইস্ট। গোটা প্রতিযোগিতায় নিরঙ্কুশ প্রাধান্য দেখিয়ে। ফাইনালে ও টুর্নামেন্ট জুড়ে মুন্সিয়ানা দেখানোর সুবাদে গোল্ডেন বল ও বুট জেতেন নর্থ ইস্টের স্ট্রাইকার আলাদিন আজারে। গোলের নীচে দক্ষতা প্রদর্শনের জন্য গোল্ডেন গ্লাভস পুরস্কার পান গুরমিত সিং। কোচ পেদ্রো বেনালির কথাও বিশেষভাবে উল্লেখ করতে হবে, নিজের ফুটবলারদের ওপর ভরসা রাখায়। গত বছর ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান এসজিকে হারিয়ে ট্রফি জিতেছিলেন তিনি। এবার ফাইনালে ডায়মন্ড হারবার তাঁর কৌশলের সামনে দাঁড়াতেই পারেনি। তাও এই সাফল্যকে ব্যক্তিগত সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেননি ফাইনাল শেষে। বরং বেনালি এটাকে দলের ২৫ ফুটবলার, সাপোর্ট স্টাফ, টিম ম্যানেজমেন্ট, সর্বোপরি ক্লাবের কর্ণধার জন আব্রাহামের মিলিত প্রচেষ্টা ও দলগত সংহতির ফসল বলে উল্লেখ করেন।
ফাইনাল শেষে কোচ বেনালির কাছে প্রশ্ন ছিল, জন কীভাবে আপনাদের উজ্জীবিত করেন? তাতে মজা করে বেনালি বলেছিলেন, ‘ জনের তাকানোটাই আমাদের পক্ষে যথেষ্ট। বেশি কিছু বলার দরকার পড়ে না।’ পরে রসিকতা ছেড়ে বলেছিলেন,‘নর্থ ইস্ট দলের প্রতি জনের কতটা প্যাশন ও কমিটমেন্ট আছে, তা জানে খুব কম লোকেই। আমরা যারা প্রতিনিয়ত ওর সঙ্গে মিশি, ওর আবেগের কথা জানি। এই দলটার সাফল্যের জন্য জন যে কত কী করেছে, তা বলে বোঝানো যাবে না। ওর কাছে কৃতজ্ঞতার শেষ নেই। তাই এই ট্রফি দলের সকলের তরফ থেকে জনের জন্য বিশেষ উপহার।’
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ট্রফি নিয়ে উচ্ছ্বসিত জন আব্রাহাম। ক্লাবের পক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কৃতজ্ঞতা প্রদশর্ন করে জন বলেন, নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য এই স্বীকৃতি বিরাট সম্মানের। নর্থ ইস্টের মানুষের জন্য এক গর্বের দিন। ওখানকার নতুন প্রজন্ম আরও বেশি করে ফুটবল সহ বিভিন্ন খেলাধুলোয় অংশ নিতে উৎসাহিত বোধ করবে। তিনি ধন্যবাদ জানাচ্ছেন ডুরান্ড কাপের সংগঠক ইন্ডিয়ান আর্মড ফোর্সকে, বিশেষ করে ইস্টার্ন কম্যান্ডকে, যারা এই টুর্নামেন্টকে এক নতুন দিশা ও গরিমা এনে দিয়েছে। একইসঙ্গে এই টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ইস্ট, নর্থ ইস্ট থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্তের ফুটবল প্রতিভার বিকাশের সুযোগ করে দিয়েছে। জন কথাটা বাড়িয়ে কিছু বলেননি। সুদূর লাদাখ থেকে ফুটবল দল এসে ডুরান্ড কাপে খেলে নিজেদের দক্ষতার ছাপ রেখে গেছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে চ্যাম্পিয়ন দল নর্থ ইস্টের সদস্যদের ছবি তোলার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
