Cart Total Items (0)

Cart

All Sports

‌মুনাল চট্টোপাধ্যায়:‌ বাংলার তরুন গোলকিপার শেখ আরিফ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ২৪ বছর বয়সী এই গোলকিপার বর্তমানে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব বর্ধমানের ডাঙাপাড়ার গোদার বাসিন্দার আরিফের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলার একঝাঁক প্রাক্তন ও বর্তমান ফুটবলার।

আইএসএলে বিভিন্ন বড় দলে খেলা ফুটবলার প্রবীর দাস সোসাল মিডিয়ায় আরিফের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন সকল ক্রীড়াপ্রেমী মানুষের কাছে। প্রবীরই জানালেন, দারিদ্যের সঙ্গে লড়াই করে উঠে আসা গোলকিপার ২০২২ সালে কলকাতা ফুটবল লিগে সিটি অ্যাথলেটিক ক্লাবে খেলেছিলেন। পরের মরশুমে এফসিআই (‌পূর্বাঞ্চল)‌ দলের জার্সিতে। ক্যালকাটা কাস্টমস ক্লাবে ২০২৪ সালে। চলতি বছরে উত্তরপল্লী ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন। তারপরই অসুস্থ হয়ে পড়েন।

আরিফ বর্ধমান বিশ্ববিদ্যালয় দলের ইস্ট জোন ইউনিভার্সিটি গেমসে অংশ নেন ২০২১-‌২২, ২০২২-‌২৩, ২০২৩-‌২৪য়ে। ২০২৩-‌২৪য়ে সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় গেমসে খেলার যোগ্যতার্জন করেন। কিন্তু ভাগ্য বিরূপ হলে যা হয়। কর্কট রোগ তাঁর শরীরে থাবা বসিয়েছে সম্প্রতি। কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে তা ধরা পড়ে। আরিফের বাবা শেখ আয়ুব আর দেরি করেননি ছেলে আরিফকে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে। তাছাড়া কলকাতায় চিকিৎসার বাড়তি খরচ বহন করার সাধ্য আরিফের পরিবারের নেই। টাটায় গেলে কিছুটা সুরাহা মিলবে। মুম্বই পৌঁছে চিকিৎসা শুরু হয়েছে।

প্রবীর জানালেন, বায়োপসি রিপোর্ট আসার পরই বোঝা যাবে আরিফের চিকিৎসা কোন পথে গড়াবে। তবে ক্যান্সারের চিকিৎসা সবসময় ব্যয়বহুল। তাই আমি সোসাল মিডিয়ায় সকলের কাছে আরিফের জন্য সাহায্যের হাত বাড়ানোর আবেদন রেখেছি। কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল আর ভারতীয় দলে খেলা গোলকিপার সন্দীপ নন্দী একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করবে সামনের সপ্তাহে বর্ধমানের মাঠে। সেই ম্যাচ থেকে সংগৃহীত পুরো অর্থ আরিফের চিকিৎসার স্বার্থে ওর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আমি ছাড়াও প্রীতম, নবি, শৌমিক, মেহতাব, দীপঙ্কর সহ আরও অনেক বর্তমান ও প্রাক্তন ওই ম্যাচে অংশ নেবে। আমরা সকলে আরিফের দ্রুত আরোগ্য কামনা করি। চাই যেভাবে গোলের নীচে গ্লাভস হাতে দাঁড়িয়ে প্রতিপক্ষের শট রুখে দলকে জেতায় আরিফ, সেভাবেই ক্যান্সারকে হার মানিয়ে আরিফ যেন পুরো সুস্থ হয়ে আবার মাঠে ফেরে।’‌

আরিফের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য ফুটবলার প্রবীর একটি ফোন নাম্বার শেয়ার করেছেন। সেটি হল ‌৯৫৬৩৯১২৮৩৩।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *