Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ অবশেষে আইএফএর জয় হল। একইসঙ্গে স্বস্তি মিলল আইএফএ সচিব অনির্বান দত্তের। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য চলতি বছরের ফেব্রুয়ারিতে হওয়া মামলার সবদিক খতিয়ে দেখে শুক্রবার গত মরশুমের কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করেছেন , তাঁর রায়দানে।

চলতি মরশুমের কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপের ফয়সালা যখন সামনের সোমবার হওয়া নিশ্চিত, তখন গত মরশুমের লিগের চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা আটকে ছিল আদালতে মামলা ঝুলে থাকার কারণে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আইএফএর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দারস্থ হয়েছিল ডায়মন্ড হারবার এফসি। এতে ইস্টবেঙ্গলের লিগ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি আটকে ছিল এতদিন। হাইকোর্টের বিচারপতির রায়ে আর ইস্টবেঙ্গলকে গতমরশুমে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করায় বাধা রইল না আইএফএর।

চলতি মরশুমে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে ইতিমধ্যেই এক পা বাড়িয়ে রেখেছে লাল হলুদ ব্রিগেড। চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ২ ম্যাচ জিতে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৬। সেখানে ইউনাইটেড স্পোর্টস গত ম্যাচের সুরুচি সংঘের সঙ্গে ড্র করায় ২ ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। তাই সোমবার ঘরের মাঠে শেষ ম্যাচে ইউনাইটেডের বিরুদ্ধে ঘরের মাঠে ড্র করতে পারলেই ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে আদালতের রায়ে গতবারের লিগের চ্যাম্পিয়নের শিরোপা পেয়ে যাওয়া লাল হলুদের মাথায় এবারের লিগ খেতাবের মুকুটও উঠবে।

আদালতের রায়ে গত মরশুমে ইস্টবেঙ্গলের লিগ চ্যাম্পিয়ন হওয়া ও মামলা নিষ্পত্তি হওয়া নিয়ে কী বলবেন?‌ কতটা স্বস্তিবোধ করেছেন?‌ আইএফএ সচিব অনির্বান দত্তর প্রতিক্রিয়া, ‘‌ সত্যের জয় হল। কোনওরকম চাপের কাছে নতিস্বীকার করিনি। অণ্যায় আবদারকে প্রশ্রয় দিইনি। আদালতের ওপর পুরো ভরসা ছিল। আইএফএ যে ঠিক ছিল, সেটা প্রমানিত হয়েছে। বারবার গোটা বছর ধরে অনেক কথা শুনতে হয়েছে। আইএফএর ক্ষমতা নিয়ে অনেকে নানা কটূ মন্তব্য করেছেন। কেন গত মরশুমের লিগ চ্যাম্পিয়ন ঘোষণা না করে এবারের লিগ হচ্ছে?‌ এমন কত কী। এগুলো মাথায় নিইনি। নিজেদের কাজ ঠিকমতো চালিয়ে গিয়ছি। জানতাম একসময় সুবিচার পাব। পেলাম। সবচেয়ে বেশি ভাল লাগছে, সোমবার চলতি মরশুমে লিগের ফয়সালা হওয়ার আগেই গত মরশুমের লিগ চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষিত হয়ে যাওয়ায় আদালতের রায়ে।’‌

কবে ইস্টবেঙ্গলের গত মরশুমের লিগ খেতাব লাভের কথা সরকারিভাবে ঘোষণা করবেন?‌ সোমবার ইস্টবেঙ্গল মাঠে আনুষ্ঠানিক ভাবে কি গত মরশুমের লিগ চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দেবেন?‌ আইএফএ সচিব অনির্বান দত্ত জানালেন, ‘‌ এনিয়ে শনিবার প্রিমিয়ার ও প্রথম ডিভিশন লিগ কমিটির সভা ডেকেছি। সেখানেই আলোচনার পর সরকারিভাবে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার মাঠে গতবারের ট্রফি দেওয়া হবে, না আইএফএর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গত মরশুমের ও এবারের চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেওয়া হবে, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে শনিবারের সভায়।’‌

কলকাতা ফুটবল লিগ নির্বিঘ্নে শেষ করার তৃপ্তিতে শিল্ড আয়োজনের কথা ভাবতে শুরু করেছে আইএফএ। অনেকটা এগিয়েও গেছে তারা এব্যাপারে কয়েকটি ভিন রাজ্যের ক্লাবের সঙ্গে কথা বলে। এখানে মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল, মহমেডান ও ডায়মন্ড হারবার এফসির কর্তাদের সঙ্গেও কথা বলবে আইএফএ ,কলকাতার ৪ দলের সুবিধামতো শিল্ড খেলার তারিখ ঠিক করতে। যেহেতু সামনে কোনও বড় টুর্নামেন্ট নেই, মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র ম্যাচ ছাড়া, তাই আইএফএ শিল্ড করতে চায় ৮ থেকে ১৮ অক্টোবের মাঝে। শনিবার শিল্ড কমিটির বৈঠকের পর সেটা আরও পরিষ্কার ভাবে জানা যাবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *