অলস্পোর্ট ডেস্ক: কাফা নেশনস কাপের শিবিরে ও খেলার জন্য মোহনবাগান সুপার জায়ান্টের ৭ ফুটবলারকে ডেকেছিলেন ভারতীয় দলের চিফ কোচ খালিদ জামিল। বাগান টিম ম্যানেজমেন্ট তাদের ফুটবলারদের ছাড়েনি, কাফা নেশনস কাপ ফিফা উইন্ডোর টুর্নামেন্ট নয় এই যুক্তিতে। স্বাভাবিকভাবেই সে কারণে ৯ অক্টোবর অনুষ্ঠেয় সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের অ্যাওয়ে ম্যাচের প্রস্তুতি শিবিরে শুরুতে মোহনবাগান ফুটবলারদের ডাকেননি খালিদ। ছাড়বে কিনা এই ধাঁধায় থাকায়।
মোহনবাগান সুপার জায়ান্ট শেষপর্যন্ত ইরানে সেপাহান এফসির বিরুদ্ধে এসিএল ২র ম্যাচ খেলতে না যাওয়ায়, জাতীয় শিবিরের জন্য ৩ ফুটবলার লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ ও দীপক টাংরিকে ছেড়ে দিল। ৮ অক্টোবর থেকে শিল্ডের খেলা থাকা সত্ত্বেও। ১৪ অক্টোবর ঘরের মাঠে সিঙ্গাপুরের ম্যাচ না হলে, এই ফুটবলারদের ফেরত পাবে না জেনেও। তাঁরা মঙ্গলবার বেঙ্গালুরু জাতীয় শিবিরে যোগও দিয়েছেন। অবশ্য মোহনবাগান অঙ্ক কষেই ৩ ফুটবলারকে ছেড়েছে। সম্ভবত তারা আশ্বাস পেয়েছে আইএফএর কাছে শিল্ড ফাইনালের ডার্বিতে ইস্টবেঙ্গলের মুখোমুখি হলে, সেই ম্যাচ ১৮ অক্টোবরের আগে হবে না। ততদিন ফুটবলাররা ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে ফিরতি ম্যাচ খেলে ফিরে আসবেন। আর শিল্ডে ৬ জন বিদেশিকে খেলানোর অনুমতি তো দিয়েই রাখছে আইএফএ।
আগেরদিনই বেঙ্গালুরুর তিন ফুটবলার সুনীল ছেত্রী, রাহুল বেকে ও রোশন সিং শিবিরে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন। খালিদের কোচিংয়ে সুনীলে জাতীয় শিবিরে যোগদান এই প্রথম। কারণ কাফা নেশনস কাপের শিবির ও দলে সুনীলকে রাখেননি খালিদ। ইস্টবেঙ্গলের আনোয়ার আলি, মহেশ সিং ছাড়াও পাঞ্জাব এফসি মহম্মদ উভেস, পরমবীর, নিখিল প্রভু, মহম্মদ সুহেলকে আগেই শিবিরে পাঠিয়েছে। আর তাই শিবিরে অনর্থক ফুটবলারদের ভিড় কমাতে জাতীয় কোচ খালিদ ছেড়ে দিয়েছেন আশির আখতার, জিতিন এমএস, মনবীর সিং জুনিয়র, মহম্মদ আইমেন, ভিবিন মোহাননকে।
দেরিতে হলেও ক্লাবগুলো ফুটবলার জাতীয় শিবিরে পাঠানোয় স্বস্তিবোধ করছেন খালিদ। ভারতীয় কোচের মতে, দলের প্রস্তুতি কোনও একজন দু’জন ফুটবলার নির্ভর নয়। তবে এটাও ঠিক, সবাইকে একসঙ্গে শিবিরে দেখার সুযোগ পেলে সেরা দল বাছতে সুবিধা হয়। গোলকিপার গুরপ্রীত যোগদানের পর যেমন দল লাভবান হয়েছিল, সুনীলের শিবিরে আসাটা একইরকম লাভদায়ক হবে, এই বিশ্বাস তাঁর আছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
