অলস্পোর্ট ডেস্ক: তিনবারের চ্যাম্পিয়ন এবং আয়োজক দেশ ভারত তাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল বড় জয়ের সঙ্গেই। বৃহস্পতিবার চেন্নাইয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চিনকে ৭-২ গোলে হারিয়ে দিল। ভারতের হয়ে অধিনায়ক হরমনপ্রীত সিং পাঁচ ও আট মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। এর পর বরুণ কুমার জোড়া গোল করেন ১৯ ও ৩০ মিনিটে। দু’টি পেনাল্টি কর্নার থেকে গোল পায় ভারত। অন্যদিকে ভারতের হয়ে বাকি গোলগুলি করেন সুখজিৎ সিং ১৫ মিনিট, আকাশদীপ সিং ১৬ মিনিট এবং মনদীপ সিং ৪০ মিনিটে। চিনের দু’টি গোল এসেছে ওয়েনহুই ই ১৮ মিনিট এবং জিশেং গাও ২৫ মিনিটে গোল করেন। শুক্রবার জাপানের বিপক্ষে খেলবে ভারত।
মেন ইন ব্লু প্রথম কোয়ার্টারে দুর্দান্ত শুরু করেছিল। প্রথম পেনাল্টি কর্নার মাত্র পাঁচ মিনিটে আদায় করে নিয়েছিল ভারত। অধিনায়ক হরমনপ্রীত সেই পেনাল্টি কর্নারকে গোলের রূপ দিতে একটুও ভুল করেননি। এর পর ভারতের লিড দ্বিগুণ হতে খুব বেশি সময় লাগেনি।
তিন মিনিট পরে, আর একটি পেনাল্টি কর্নার তুলে নেয় ভারত এবং আবারও সেই হরমনপ্রীতই তাকে গোলে পরিণত করেন। প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে আরও একটি পেনাল্টি কর্নার পেয়ে যায় ভারত। বরুণের প্রাথমিক ফ্লিক চিনা ডিফেন্স বাঁচিয়ে দিয়েছিল কিন্তু সুখজিৎ রিবাউন্ডে গোল করে দেন। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় কোয়ার্টার শুরু করেছিল আত্মবিশ্বাসের সঙ্গে।
কোয়ার্টারের দু’মিনিটের মাথায় মনপ্রীত সিং-এর অ্যাসিস্ট থেকে অক্ষদীপ গোল করেন, ভারত ৪-০ এগিয়ে যায়। তার ঠিক এক মিনিট পরে, চিন ব্যবধান কমাতে সক্ষম হলেও সে গোলের কোনও প্রভাব পড়েনি কারণ এক মিনিট পর বরুণ সেট পিস থেকে আবার ব্যবধান বাড়িয়ে নেয়। ২৫ মিনিটে চিন তাদের প্রথম পেনাল্টি কর্নার পায়। সাফল্য পায় চিন।
হাফ টাইমের ঠিক আগে ভারত আরও একটি পেনাল্টি কর্নার পেয়ে যায়। বরুণ এটিকে উপরের-ডান কোণে শ্যুট করেন এবং ম্যাচ ৬-২ করে ফেলেন। ৪০ মিনিটে অমিত রোহিদাসের ওয়াইড ফ্লিকে ভারতের সপ্তম গোল করেন মনদীপ সিং।
যদিও তৃতীয় কোয়ার্টার তুলনামূলকভাবে কিছুটা হালকা ছিল। শেষ কোয়ার্টারে দুই পক্ষই কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও কেউই বল জালে জড়াতে পারেননি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
