কার্লস কুয়াদ্রাত
ডিয়ার কার্লেস কুয়াদ্রাত স্যর,
হ্যাঁ আপনাকে ডিয়ার বলছি। আমরা জাতে বাঙাল। বড্ড সহজে আমরা অচেনা মানুষকে ডিয়ার বানিয়ে ফেলি। আজকের পর থেকে আপনিও আমাদের ডিয়ার ফ্রেন্ড। রাত ১টা বাজতে যায়, এখনও ঘুমাতে পারিনি। ঘুম আসছে না যে আজ রাতে। আসবে কী করে বলুন তো! আজ যে ডার্বি জয়ের রাত। ডার্বি তো এর আগে অনেক জিতেছি; মাঠে গিয়ে জিতেছি, গ্যালারিতে পাগলের মতে নেচেছি। কিন্তু আজকের জয়টা জীবনে ভুলতে পারব না। কেন ভুলতে পারব না!
কারণ, মেঘ, রোদ্দুর আর শৈশব। এই তিন জন আমার তিন বন্ধুর সন্তান। আমরা বন্ধুরা সবাই ইস্টবেঙ্গল ফ্যান। অনেক ম্যাচ দেখেছি আমরা একসঙ্গে। অনেক হাসি-কান্না ভাগ করেছি লাল-হলুদ গ্যালারিতে। ইস্টবেঙ্গল শেষ বার যখন মোহনবাগানকে হারিয়েছিল; মেঘের জন্ম হয়নি, রোদ্দুর সবে এক বছর, শৈশবের বয়স দুই।
এখন ওরা ফুটবল দেখে, মেসি রোনাল্ডোদের চেনে। রোদ্দুর তো নিয়মিত ফিফা খেলে বাবার মোবাইলে। বিশ্ব ফুটবলের তারকাদের নাম মুখস্ত। রাত জাগে রোনাল্ডোর খেলা দেখবে বলে। তবু ওদের কাউকে আমরা ইস্টবেঙ্গল নিয়ে কোনও গল্প কাহিনি বলতে পারিনি। বলতে পারিনি কী ভাবে টিকিট না থাকলেও ওদের বাবা কাকারা মাঠে পৌঁছে যেত, টিকিট ঠিক ম্যানেজ হয়েই যাবে এই আশায়।
“ইস্টবেঙ্গলের খেলা মিস করা যাবে না” বলা সেই বন্ধুদের গ্রুপটা এখন আর মাঠেই যায় না। আক্ষেপ করে বলে, “বার বার মাঠে গিয়ে হার দেখতে ভাল লাগে না”। আজকেও মাঠে যাইনি আমরা। কিন্তু চোখ ছিল মোবাইলের স্ক্রিনে। যখন ম্যাচ শেষ হল হোয়াটস্যাপ গ্রুপে সবার একই মেসেজ “ভাই কেঁদে ফেলেছি”। আমি নিজে তখন লোকাল ট্রেনে। ভিড়ের মাঝে হাউ হাউ করে কাঁদছি। সাড়ে ৪ বছরের জমে থাকা আবেগ বাঁধ মানছে না। সবটাই আপনার কোনও এক ম্যাজিক টাচের কামাল কুয়াদ্রাত স্যর। দায়িত্ব নেওয়ার পর কী যেন একটা জাদু ছোঁয়া আপনি দিয়েছেন যাতে বদলে গেল পুরো ছবিটা।
১৯৯৭ সালের ১৩ই জুলাই। বাবার হাত ধরে ডার্বি গ্যালারিতে প্রথম বার যাওয়া। পরিচয় হওয়া ইস্টবেঙ্গলের সঙ্গে। সেই ম্যাচে ডায়মন্ড সিস্টেমকে ফালাফালা করে দিয়েছিলেন আর এক জাদুকর, পিকে ব্যানার্জি। আজকের পর আমরাও মেঘ, রোদ্দুর শৈশবদের সঙ্গে ইস্টবেঙ্গল নিয়ে গল্প করব, ওরা আর একটু বড় হলে মাঠে নিয়ে যাব। ময়দানি উত্তরাধিকার তুলে দেব ওদের হাতে। সেই ভরসা দিয়ে গেলেন আপনি। আজকের জয় হারতে থাকা, নেতিয়ে পড়া আমাদের আবার জাগিয়ে দিয়ে গেল। আজ জেগে থাকার রাত, আজ হারতে থাকা উদ্বাস্তুদের ঘুরে দাঁড়ানোর রাত। নতুন স্বপ্ন দেখার রাত।
থ্যাঙ্ক ইউ আমাদের হ্যামলিনের বাঁশিওয়ালা
ইতি
এক পাগল ইস্টবেঙ্গল সমর্থক
শুভাশিস সাহা
১২/৮/২৩
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
