Cart Total Items (0)

Cart

All Sports
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের নতুন অধিনায়কের নাম ঘোষণা হয়ে গেল প্রত্যাশা মতোই। রোহিত শর্মার স্থলাভিষিক্ত হলেন শুভমান গিল। পুরুষদের ৫০ ওভারের দলের অধিনায়ক হিসেবে যে শুভমান গিলই আসবেন তা নিয়ে জল্পনা চলছিলই, শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। শনিবার আহমেদাবাদে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলা তিন ম্যাচের একদিনের সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন গিল। তাঁর সঙ্গে একদিনের দলের সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে। এক কথায় অধিনায়কত্ব পরিবর্তনের পাশাপাশি আবার ভারতীয় দলে ফিরলেন শ্রেয়াস।

ফেব্রুয়ারির শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে জয় এনে দেওয়া রোহিত শর্মাকে আসন্ন একদিনের সিরিজের জন্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মরসুমের পর রোহিত এবং কোহলি উভয়ই প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল— শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহঅধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল।

টি-টোয়েন্টি সিরিজের জন্য, সূর্যকুমার যাদবকেই অধিনায়ক রেখে দল ঘোষণা করা হল এবং এশিয়া কাপের মতো সহ-অধিনায়ক থাকবেন শুভমান গিল। আহত হার্দিক পাণ্ড্যেকে বাদ দিয়ে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে নীতিশ কুমার রেড্ডিকে। স্টার অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে অস্ট্রেলিয়া সফরের জন্য দলে থাকতে পারছেন না বলে জানান আগরকর। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সময় চোট পান তিনি এবং আগরকর জানিয়েছেন যে আগামী সপ্তাহে বিসিসিআই সিওই-তে পরীক্ষার পর তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে আরও স্পষ্টতা পাওয়া যাবে।

অস্ট্রেলিয়া সফরে জন্য ভারতের টি-টোয়েন্টি দল— সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল (সহঅধিনায়ক), তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্থী, যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।

এই বছরের শুরুতে টেস্ট ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পাওয়া শুভমন গিলকে ভারতের সম্ভাব্য অল-ফর্ম্যাট অধিনায়ক হিসেবে ক্রমশ এগিয়ে দেওয়া হচ্ছে। আইপিএল মরসুমের মাঝামাঝি রোহিত দীর্ঘতম ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পর তিনি রোহিত শর্মার স্থলাভিষিক্ত হন। শুভমনের নেতৃত্বে, ভারত অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ২-২ সিরিজ ড্র করে ফেরেন, পাঁচ ম্যাচের একটি চ্যালেঞ্জিং টেস্ট সিরিজে তাঁর পারফর্মেন্স দিয়ে সমালোচকদের চুপ করিয়ে দেয়। সদ্য সমাপ্ত এশিয়া কাপে গিল ছিলেন সূর্যকুমার যাদবের ডেপুটি।

এদিকে, ঋষভ পন্থের এবারও দলে জায়গা হল না। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইংল্যান্ড সফরের পর থেকে মাঠের বাইরে রয়েছেন যেখানে তিনি পায়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *