অলস্পোর্ট ডেস্ক: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির সঙ্গে ফুটবল হাতে ছবি তুলেছেন এআইএফএফের প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল। মনে হয়, তারপরই বুঝেছেন, এই ছবি তোলাতেই সীমাবদ্ধ থাকলে চলবে না। মেসিকে ঘিরে তুমুল উন্মাদনার তো কোনও অর্থই থাকবে না, ভারতের ঘরোয়া ফুটবল চালু না হলে। আর তাই মেসি চলে যেতেই প্রফুল প্যাটেলের টনক নড়েছে। উপলব্ধি করেছেন, ভারতীয় ফুটবল ঘিরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা না কাটলে কোনও মেসি বা রোনাল্ডো এসে এদেশের ফুটবলের হাল বদলাতে পারবেন না।
আর তাই এক্স হ্যান্ডেলে প্রফুল প্যাটেল স্বতঃপ্রণোদিত হয়ে পোস্টে লিখেছেন, ‘ ভারতীয় ফুটবল আমার সবসময় হৃদয় জুড়ে আছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দ্রুত আইএসএল ও আইলিগ শুরু করা জরুরি ক্লাবগুলো, ফুটবলার, ফুটবলের সঙ্গে জড়িত মানুষ ও ফুটবলভক্তদের ভরসা জোগাতে, তাঁদের রুটি রোজগারের পথ খোলা রাখতে। এতে ফুটবলের ইকোসিস্টেমের আত্মবিশ্বাস ও ভারসাম্য বাড়বে। লিওনেল মোসির সাম্প্রতিক ভারত সফরে যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে ফুটবল ঘিরে, তা কাজে লাগানো দরকার। সময়মতো ঘরোয়া লিগ ও পরিকাঠামোকে মজবুত করে। আমার বিশ্বাস, সব স্টেকহোল্ডাররা ভারতীয় ফুটবলের স্বার্থে একসাথে হাত মিলিয়ে ঘরোয়া ফুটবল লিগ দ্রুত শুরু করতে উদ্যোগ নেবে।’
এতদিন আড়ালে থাকার পর হঠাৎ করে ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় ভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারন সভার আগে প্রফুল প্যাটেলের এভাবে সামনে চলে এসে বক্তব্য রাখাটা অবশ্যই ইঙ্গিতপূর্ণ। একইসঙ্গে ১৮ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আইএসএল ক্লাব প্রতিনিধিদের কাছে পাঠানো ফেডারেশনের চিঠির আগের দিন প্রফুলের এই পোস্ট অন্য বিশেষ ইঙ্গিত করছে। ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ চিঠি দিয়েছেন আইএসএলের ক্লাব কর্তা, সিইও ও প্রতিনিধিদের। তাতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রকের প্রস্তাবমতো এআইএফএফ , আইএসএল ক্লাব প্রতিনিধিদের নিয়ে একটি মিলিত মিটিংয়ের ব্যবস্থা হয়েছে ১৮ ডিসেম্বর দুপুরে আইএসএল সংক্রান্ত বিষয়ে ইতিবাচক আলোচনা ও পদক্ষেপ নেওয়ার জন্য।
এখন দেখার বৃহস্পতিবারের এই মিটিং থেকে কী সমাধান সূত্র মেলে। তবে প্রফুল প্যাটেল যেভাবে সামনে এসেছেন, তাতে মনে হচ্ছে, এফএসডিএলকে অন্তত এই মরশুমের জন্য রাজি করিয়ে এআইএফএফ ও ক্লাবগুলো মিলিতভাবে আইএসএল দ্রুত শুরু করার পথ খুঁজে বের করবে। আশা করা যায়, জানুয়ারির মাঝমাঝি ভারতীয় ফুটবলের বল আবার মাঠে গড়াবে আদালতের আঙিনা ও অনিশ্চয়তার রাস্তা ছেড়ে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
