অলস্পোর্ট ডেস্ক: পুরো নাম নেস্টর ফার্নান্ডো মুসলেরা। বিশ্ব তাঁকে চেনে মুসলেরা বলেই। ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত উরুগুয়ের জার্সিতে গোলের নীচে দাঁড়িয়েছেন নিয়মিত। দেশের হয়ে ১৩০ ম্যাচ খেলেছেন। ৫ বার কোপা আমেরিকাতে অংশ নিয়ে ২০১১তে চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি পান। ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের প্রতিটি ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে তাঁর। ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের চতুর্থ স্থান পাওয়ার পিছনে মুসলেরার বড় ভূমিকা আছে। সেই মুসলেরা যখন নিজের দেশ উরুগুয়ে ছাড়া আর্জেন্টিনা ও স্পেনকে ২০২৬ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার মনে করেছেন, তখন তাঁর কথায় গুরত্ব দিতেই হবে। রোনাল্ডো ভক্তদের অবশ্য রাগ হবে উরুগুয়ের বিশ্বকাপার গোলকিপারের ওপর। তবু বলতেই হচ্ছে, মুসলেরার ফেবারিটের তালিকায় নেইমারের ব্রাজিল বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল নেই।
মুসলেরার ব্যাখ্যা, ‘ ২০২৬ বিশ্বকাপ জেতার তিন প্রধান দাবিদার উরুগুয়ে, আর্জেন্টিনা, স্পেন। ব্রাজিলকে রাখব তার নীচে। মনে করি, মেসি যেটা ২০২২ বিশ্বকাপে পেরেছে, চ্যাম্পিয়ন হতে, এই জীবনে পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পক্ষে তা সম্ভব হবে না। আমি রোনাল্ডো ও মেসি দু’জনের বিরুদ্ধেই খেলেছি। আমি ‘লিটল গায়’ মেসিকে ভালবাসি। ভক্তও বলতে পারেন। মেসি ওর নিজের দক্ষতার জোরে বিশ্বকাপ জেতার কৃতিত্ব অর্জন করেছে খেলোয়াড় জীবনে সবসময় ওপরের দিকে থেকে। মেসি চিরকালই সেরা থেকে যাবে অন্যদের পিছনে ফেলে।’
রোনাল্ডো যেখানে ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে অংশ নেবেন শেষবারের মতো ট্রফি ঘরে তোলার লক্ষ্যে, সেখানে মেসি এখনও নিশ্চিত করে বলেননি, তিনি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা। তবে মাঠে নেমে শেষপর্যন্ত না খেললেও দলের সঙ্গে থাকবেন ভিন্ন ভূমিকায়। আসলে মেসির তো নতুন করে আর কিছু প্রমাণ করার নেই। ৩৫ বছর বয়সে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে গোল্ডেন বল জিতে নিয়েছিলেন মেসি সবচেয়ে বেশি বয়সের ফুটবলার হিসেবে। ৪০ বছরের রোনাল্ডোর প্রাপ্তির ঝুলিটা সেখানে পূর্ণ হয়নি বিশ্বকাপের ট্রফি না পাওয়ায়। আর তাতেই সর্বকালের সেরা ফুটবলার কে, এই বিতর্কে মেসির থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন রোনাল্ডো।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
