অস্ট্রেলিয়ার সংবাদপত্রে বেন স্টোকসের মজাদার ছবি
অলস্পোর্ট ডেস্ক: রবিবারই শেষ হয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাসেজ সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বেশ কিছু বিতর্ক। আর তার জের এখনও রয়ে গিয়েছে দুই দেশের মধ্যে। মাঠের মধ্যে এই বিতর্ক নিয়ন্ত্রণে আনা গেলেও দুই দেশের সংবাদ মাধ্যমে তা নিয়ে চর্চা অব্যাহত। অস্ট্রেলিয়ার সংবাদপত্রে বেন স্টোকস -এর মজাদার ছবি ভাইরাল হয়েছে।
জনি বেয়ারস্টোর আউট নিয়ে অস্ট্রেলিয়া দলকে এক হাত নিয়েছিল ইংল্যান্ড সংবাদ মাধ্যম। তার জবাব দিয়েছে অজি মিডিয়াও। পশ্চিম অস্ট্রেলিয়ার একটি পত্রিকা মঙ্গলবার বেন স্টোকস এবং তাঁর দলকে ‘ক্রাইবেবিস’ ট্যাগ দিয়েছে। সংবাদপত্রের প্রথম পাতায় ডাইপার পড়া একটি বাচ্চার ছবিতে স্টোকসের মুখ বসানো হয়েছে। ছবিটির নিচে বড় হরফে লেখা রয়েছে ‘ক্রাইবেবিস’। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর জবাবে তিনি বলেছেন, ‘‘এটা আমি নই, যবে থেকে আমি নতুন বলে বল করতে শুরু করেছি।’’
বেয়ারস্টোর আউট নিয়ে বিতর্কের পর স্টোকস বলেছিলেন তিনি এভাবে জিততে চাননি। কিন্ত ইংল্যান্ড অধিনায়ক মেনে নেন মাঠে যা হয়েছে তা খেলার নিয়মের মধ্যেই হয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক রবিবার বলেন, ‘‘জুতোটা অন্য পায়ে থাকলে আমি আম্পায়ারদের ওপর চাপ দিতাম এবং জানতে চাইতাম তাঁরা কী এই খেলার স্পিরিট নিয়ে গভীর চিন্তা-ভাবনা করছেন নাকি সেটাকে নিয়ে ভাবছেন না। আমি কি সত্যিই এইভাবে ম্যাচ জিততে চাই? আমার কাছে এর উত্তর সবসময়ই না হবে।’’
অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন ক্যারির যা করা উচিত ছিল তিনি তাই করেছেন। তিনি নিয়মের বাইরে গিয়ে কিছুই করেননি। কোনও কারচুপিই তাঁরা করেনি। বেয়ারস্টোকে এর আগেও একই রকম ঘটনার জন্য আউট হতে হয়েছিল।
কামিন্স একটি সংবাদ মাধ্যমে জানান, ‘‘জনি সবসময় একই জিনিস করে এসেছে। প্রথম দিন ডেভিড ওয়ার্নারের সঙ্গে তা করেছিলেন। ২০১৯-এ স্মিথের সঙ্গেও ঠিক এরকমটাই করেছিলেন তিনি। কোনও ব্যাটার ক্রিস থেকে বেরিয়ে গেলে কিপার তো উইকেটের দিকে বল ছুড়বেই, এটা তো খুবই স্বাভাবিক ঘটনা। ক্যারিও তাই করেছে। আর আম্পায়ারও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’’
অ্যাসেজে দ্বিতীয় টেস্টে নিজের ঘরের মাঠেই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে। সিরিজে ২-০-তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
