মণিপুরের পতাকা গায়ে জিকসন
অলস্পোর্ট ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ এই নিয়ে পর পর ন’বার জিতল ভারত। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারতের তেরঙা ওড়ালেন ফুটবলাররা। গোটা স্টেডিয়াম গেয়ে উঠল ‘বন্দে মাতরম’। মাঠ থেকে স্টেডিয়ামের সঙ্গে গলা মেলালেন ফুটবলাররাও। এ এক অদ্ভুত দৃশ্য তৈরি হল সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ ঘিরে। তার মধ্যেই ভারতীয় পতাকার সঙ্গে দেখা গেল সাতরঙা মণিপুরের পতাকা। জিকসন সিং গায়ে জড়িয়ে ঘুরছেন সেই পতাকা। স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন তৈরি হয়েছিল, কেন এই পতাকা। তবে জিকসন বিতর্কের সুযোগ দেননি। তিনি নিজেই টুইট করে জানিয়ে দিয়েছেন, কেন তিনি ভারত নয় তাঁর রাজ্যের পতাকা গায়ে দিয়ে ঘুরছিলেন।
তিনি পরে টুইটে লেখেন, তিনি মণিপুরবাসিকে শান্তির বার্তা দিতে চেয়েছেন। জিকসন যে সাতরঙা পতাকায় নিজেকে জড়িয়েছিলেন সেই পতাকা মণিপুরের মিতেই সম্প্রদায়ের সাতটি বংশের ঐতিহ্যকে সম্মান জানায়। তাঁর এই কাণ্ডে অবাক হয়েছেন অনেকেই। আবার অনেকেই তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
মণিপুরে গত দু’মাস ধরে মিতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে প্রায় ১০০জনের মৃত্যু হয়েছে, ঘরছাড়া প্রায় ৫০হাজার। জিকসন নিজে মিতেই সম্প্রদায়ের ছেলে। তিনি এই পতাকা তুলে ধরে শান্তির বার্তা দিতে চেয়েছেন।
ইএসপিএন–এ দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘এটি আমার মণিপুরের পতাকা। আমি এর মাধ্যমে মণিপুরের সবাইকে যুদ্ধ শেষ করে শান্তিতে থাকার বার্তা দিতে চেয়েছি। দু’মাস হতে চলল যুদ্ধ এখনও থামেনি। আমি চাই না এই যুদ্ধ আর চলুক। এই পতাকা দিয়ে আমি মানুষের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। আমার পরিবার হয়ত নিরাপদে আছে কিন্তু অনেক মানুষ তাঁদের ঘর হারিয়ে খুব কষ্টে রয়েছেন।’’
তিনি আরও বলেন, ‘‘পরিস্থিতি এখন খুব কঠিন হয়ে উঠেছে। আমি জনি না এই অবস্থায় নিজে কী ভাবে বাড়ি ফিরব। এমনকি আমি জানিনা এরপর কী হতে চলেছে। আশা করি তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। শেষ হবে যুদ্ধ।’’
এই মিডফিল্ডার পরে টুইট করে জানিয়েছেন তিনি এই পতাকা নিয়ে কারও ভাবাবেগে আঘাত করতে চাননি। তিনি টুইটারে লেখেন, ‘‘এই পতাকা দেখিয়ে আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। আমার রাজ্য মণিপুর যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সে দিকে সবার দৃষ্টি আকর্ষণ করা ছিল আমার উদ্দেশ্য।’’
জেকসন ২০২৩-এর সাফ চ্যাম্পিয়নশিপ দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। এর সঙ্গে তিনি ইন্ডিয়ান সুপার লিগ-এর কেরালা ব্লাস্টার ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ভারতের হয়ে একমাত্র গোলটিও এসেছিল তাঁর পা থেকেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
