বাবর আজম
অলস্পোর্ট ডেস্ক: কিছুদিন আগে পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা ছিল পাকিস্তানের। ভেন্যু নিয়ে প্রথমদিকে কিছুটা সমস্যা থাকলেও এখন তাদের সে বিষয় কোনও সমস্যা নেই। ভারত সফরে আসার জন্য পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের থেকে অনুমতি চেয়েছিল পিসিবি। পাকিস্তান সরকার ভারতে খেলতে আসার ছাড়পত্র দেওয়ার পর পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান।
ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য এতদিন সরকারের ছাড়পত্রের অপেক্ষায় ছিল পাকিস্তান। বৃহস্পতিবার ছাড়পত্র পাওয়ার পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন তারা যেকোনও মাঠে যে কারও সঙ্গে খেলতে প্রস্তুত।
১৯ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলাদাই উত্তেজনা থাকে ক্রিকেটপ্রেমীদের। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মোট আসন সংখ্যা এক লক্ষ বত্রিশ হাজার। স্বভাবতই এই ম্যাচে দর্শকদের ভিড়ের কথা ভেবেই এই স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজন করা হয়েছে।
পাক অধিনায়ক একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘আমি মনে করছি বিশ্বকাপ খেলার জন্য আমরা প্রস্তুত। শুধুমাত্র ভারতের বিপক্ষেই নয়। পুরো সফরের জন্য আমরা নিজেদের প্রস্তুত করেছি।’’ তিনি আরও বলেন, ‘‘শুধুমাত্র একটা দলকে নিয়েই ভাবতে চাই না। আরও বাকি ন’টি দল আছে। তাদের সবাইকে হারিয়ে আমরা ফাইনালে উঠতে চাই।’’
প্রথম দিকে আহমেদাবাদে খেলতে মোটেই রাজি ছিল না পাকিস্তান। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে বারবার আর্জি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের এই প্রস্তাব নাকচ করে দেয় আইসিসি।
যদিও সেইসব সমস্যা নিয়ে এখন মাথা ঘামাতে রাজি নন পাক অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘যখন যেখানে ম্যাচ সেখানেই আমরা যাব। আমরা সব দেশেই ম্যাচ খেলতে চাই।’’ আসন্ন বিশ্বকাপে আহমেদাবাদ ছাড়াও হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু এবং কলকাতায় খেলা পড়েছে পাকিস্তানের।
বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান শ্রীলঙ্কা সফরে যাবে। চলতি মাসে পাকিস্তান দুটো টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১৬ জুলাই থেকে প্রথম টেস্ট শুরু হচ্ছে যা গল-তে হতে চলেছে। এবং ২৪ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট, কলম্বোতে।
বাবর আজম বলেছেন, ‘‘কিছুদিন বিরতির পর আবার মাঠে নামতে চলেছি, তার জন্য আমরা আনন্দিত। আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছি।’’
৩১ অগষ্ট থেকে ১৭ সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপ হতে চলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। প্রথম চারটে ম্যাচ শ্রীলঙ্কা এবং বাকি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
