ছবি— আইপিএল এক্স থেকে
অলস্পোর্ট ডেস্ক: না, এবারও শেষরক্ষা হল না কলকাতা নাইট রাইডার্সের। আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে লড়াই করেও হারতে হল রাহানেদের। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারের মুখ দেখতে হল কলকাতাকে। যে এক পয়েন্ট এসেছিল তাও বৃষ্টির বদান্যতায়। ৬ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের সবার নিচে ১০ নম্বরেই থেকে গেল কলকাতা। তবে এদিন একটা আশার আলো দেখা গিয়েছিল। ম্যাচ পৌঁছে গিয়েছিল শেষ ওভার পর্যন্ত। কিন্তু দুই বল বাকি থাকতেই বাজিমাত করে শুভমান গিলের দল। শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজিঙ্ক রাহানে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮০ রান করে অলআউট হয়ে যায় কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট।
এদিন কলকাতার হয়ে ওপেন করতে নেমে দলকে ভরসা দিতে পারেনি রাহানে ও টিম সিফার্টের ব্যাট। রাহানে রানের খাতা না খুলেই ফিরে যান প্যাভেলিয়নে। সিফার্ট করেন ১৯ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে যেখানে দলের ব্যাটের হাল ধরার কথা ছিল অংক্রিশ রঘুবংশীর, সেখানে তিনিও ফিরে যান মাত্র ৮ রান করে। এর পর কেকেআর-কে অনেকটাই ভরসা দেন ক্যামেরন গ্রিন। তাঁর ব্যাট থেকে আসে ৭৯ রান। কিন্তু তাঁর সঙ্গে উল্টোদিকে লড়াই করার মতো কেউ ছিলেন না। রোভমান পাওয়েলের ২৭ রানের পর বলার মতো আর কেউ নেই।
অনুকূল রয় ৯, রিঙ্কু সিং ১, রমনদীপ সিং ১৭, সুনীল নারিন ০, কার্তিক ত্যাগী ৬ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। বৈভব অরোরাকে আর রানের খাতা খুলতে হয়নি। ২০ ওভারে ১৮০ রানে থামে কলকাতা। গুজরাটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কাগিসো রাবাদা। দুটো করে উইকেট মহম্মদ সিরাজ ও অশোক শর্মার। একটি করে উইকেট প্রসিধ কৃষ্ণা ও রশিদ খানের। এদিন গুজরাটের হয়ে যেই বল হাতে নেমেছেন সেই উইকেট তুলে নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুভমান গিলের ক্যাপ্টেন্স ইনিংসই জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিল। তবে শেষ পর্যায়ে গিয়ে জয় কঠিন করে ফেলেছিল তাঁর দল। কিন্তু শেষ হাসি হাসলেন তারাই। এদিন গুজরাটের হয়ে ওপেন করতে নেমে সাই সুধর্শন ২২ ও শুভমান ৮৬ রানের ইনিংস খেলে দলকে অনেকটাই এগিয়ে দিয়েছিলেন। ৫০ বলে আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে এই রানে পৌঁছন অধিনায়ক।
এছাড়া জোস বাটলার ২৫, ওয়াশিংটন সুন্দর ১৩, গ্লেন ফিলিপ্স ১৯ রান করে আউট হন। রাহুল তেওয়াটিয়া ৭ ও শাহরুখ খান ৩ রান করে অপরাজিত থাকেন। ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ তুলে নেয় গুজরাট। যা কলকাতার হতাশায় ডুবে যাওয়ার জন্য যথেষ্ট। কলকাতার হয়ে জোড়া উইকেট নেন বরুণ চক্রবর্থী। একটি করে উইকেট বৈভব অরোরা, সুনীল নারিন ও রমনদীপ সিংয়ের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
