Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ কাতার ২০২২ বিশ্বকাপ জেতার পর ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে ঘিরে একটাই প্রশ্ন চারবছর ধরে ঘুরে ফিরে এসেছে। মেসিকে কি আর আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে ফিফা ২০২৬ বিশ্বকাপে খেলতে দেখা যাবে?‌ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরই প্রথম সাক্ষাতকারে মেসি বলেছিলেন, তিনি এনিয়ে কোনও মনস্থির এখনও করেননি। পরের বিশ্বকাপ এখনও চার বছর দূরে। সময়ের ব্যবধানটা অনেক। ততদিন পর্যন্ত মন ও শরীর বিশ্বকাপের মতো বড় মঞ্চে লড়াই করার ক্ষমতায় আছে কিনা দেখে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আপাতত প্রতিদিনের পারফরমেন্সে নজর দেবেন। তারপর দেখা যাক, ২০২৬ বিশ্বকাপে তিনি ঠিক কোন জায়গায় থাকেন।

মেসির এই বক্তব্যকে সম্মান ও পূর্ণ সমর্থন জানিয়েছিলেন বিশ্বকাপ জয়ী লিওনেল স্কালোনি। সাফ বলেন, ‘‌ মেসিকে জোর করার কোনও প্রশ্নই ওঠে না। ও জানে ওর কী করা উচিত। আর্জেন্টিনা দলের মেসির মতো ফুটবলারকে অবশ্যই দরকার। বিশেষ করে বিশ্বকাপে। কিন্তু ও আদৌ বিশ্বকাপে খেলবে কিনা, সেটা ওর ওপরই ছেড়ে দেওয়া ভাল। সবচেয়ে বড় কথা, মেসির আর নতুন করে কিছু প্রমাণ করার বা পাওয়ার কিছু নেই। বিশ্বকাপটা ওর হাতের মুঠোয় এসে গেছে। এখন ওর কাছে সব ম্যাচ খেলা শুধু উপভোগের জন্য।’‌

কথাটা খারাপ কিছু বলেননি আর্জেন্টিনা কোচ স্কালোনি। বিশ্বকাপ জেতার পর যখন অনেকেই মনে করেছিলেন, মেসির মধ্যে একটা আলগা ভাব চলে আসবে, জয়ের খিদে কমে আসবে, তখন তাঁদের ভুল প্রমাণ করেছেন মেগাস্টার ফুটবলার দেশের জার্সিতে ও ইন্টার মিয়ামি ক্লাবের হয়ে একের পর এক সাফল্য এনে দিয়ে। মেসির দক্ষতার ধার এতটুকু কমেনি। তাতেই স্বাভাবিকভাবে আবার আগের সেই প্রশ্নটা ফিরে এসেছে সকলের মনে। মেসি কি শেষপর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ বিশ্বকাপে খেতাব অক্ষুন্ন রাখার লড়াইয়ে মাঠে নামবেন?‌

মেসি নিজে এখনও ২০২৬ বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ নিয়ে নিশ্চিতভাবে কোনও কথাই বলেননি। এমনকি জাতীয় দলের চিফ কোচ স্কালোনিও জোর দিয়ে বলতে পারছেন না মেসি ষষ্ঠবার বিশ্বকাপে খেলবেন কিনা। কিন্তু স্কালোনির সামনে এখন একটা সমস্যা তৈরি হয়েছে। সেটা আর কিছু নয়, ফিফার গাইডলাইন মেনে আসন্ন বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলের প্রাথমিক পর্যায়ের ফুটবলার তালিকা জমা করার। ৫৫ জনের একটা সম্ভাব্য তালিকা জমা করা জরুরি ১১ মের মধ্যে। যার থেকে চুড়ান্ত ২৬ জনের দলের তালিকা ফিফার কাছে জমা করতে হবে ৩০ মের মধ্যে। আর তাই মেসি শেষপর্যন্ত খেলুন আর নাই খেলুন, আপাতত মেসিকে ৫৫ জনের তালিকায় স্কালোনিকে রাখতে হবে। নইলে মেসি পরে খেলতে রাজি থাকলে, তাঁকে আর ২৬ জনের দলে রাখার অনুমতি মিলবে না।

ফিফার নিয়মে পরিষ্কার বলা আছে, ২৬ জনের দল চুড়ান্ত করার পর বিশ্বকাপ শুরু আগে পর্যন্ত চোট বা অন্য অনিবার্য কোনও কারণবশত কোনও ফুটবলারকে যদি বদল করতে হয় বিশ্বকাপে অংশগ্রহণকারী দলকে, তবে সেটা করতে হবে আগে জমা দেওয়া ৫৫ জনের প্রাথমিক পর্যায়ের তালিকা থেকেই। নতুন কোনও নাম অন্তর্ভুক্ত করা যাবে না, প্রাথমিক পর্যায়ের তালিকার বাইরে। প্রাথমিক এই তালিকাটা ৫৫ জনের হতে হবে এমন নয়, সেটা ৩৫ জনেরও হতে পারে। সবটাই নির্ভর করছে, সেই দলের কোচের ওপর।

স্কালোনি ২০২২ কাতার বিশ্বকাপের আগে এমনটাই করেছিলেন। ৫৫ নয়,৪৮ জনের প্রাথমিক একটি তালিকা জমা করেছিলেন। যার মধ্যে তিনি রেখেছিলেন রিহ্যাবে থাকা লে সেলসো ছাড়াও দুই নবীন ফুটবলার নিকোলাস পাজ ও আলেসান্দ্রো গারনাচোকে। শেষপর্যন্ত যখন নিকোলাস গঞ্জালেজ ও জোয়াকিম কোরেরা চোটের জন্য ছিটকে যান, তখন তাঁদের পরিবর্ত হিসেবে ৪৮ জনের প্রাথমিক তালিকা থেকেই চুড়ান্ত ২৬য়ে সুযোগ পান অ্যাঞ্জেল কোরেরা ও থিয়াগো আলমাদা। আর তাই মেসির বিশ্বকাপ খেলার সম্ভাবনা খোলা রাখতে স্কালোনি ৫৫ জনের তালিকায় তাঁর দলের সেরা সম্পদের নাম রাখার পথেই হাঁটছেন। বাকিটা সময়ই বলবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *