Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর ঠিক একমাস বাকি। অংশগ্রহণকারী সব দলের প্রস্তুতি তুঙ্গে। ২০২২ কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার সামনে খেতাব ধরে রাখার বড় চ্যালেঞ্জ এবার। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এখনও নিজের বিশ্বকাপে খেলার ব্যাপারটা নিয়ে একটা ধোঁয়াশা রেখে দিয়েছেন। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি ওসব না ভেবে বিশ্বকাপের সম্ভাব্য দলে মেসিকে রেখেছেন। জোরালো ভাবেই আশা করা যায়, মেসি তাঁর ষষ্ঠ বিশ্বকাপে খেলবেন দলকে আবার জেতাতে। নিজের মুকুটে আরও একটা পালক জুড়তে। এখনও পর্যন্ত কোনও একই অধিনায়কের হাতে পরপর দু’‌বার বিশ্বকাপ ট্রফি ওঠেনি।

মেসি নিজে কিন্তু মনে করছেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা হট ফেবারিট নয়। বরং খেতাব ধরে রাখাটা বেশ কঠিন, অন্যান্য দলগুলি নিজেদের ভালভাবে গুছিয়ে নেওয়ায়, শক্তি বৃদ্ধি ঘটানোয়। সেই তালিকায় স্পেনের মতো দল আছে। যাতে বার্সিলোনার এক ঝাঁক তারকা ফুটবলার রয়েছেন। আপাতত চোটের কারণ লামিনে ইয়ামাল রিহ্যাবে থাকলেও, তিনি বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবেন, এটা মনে করা হচ্ছে। স্পেন দলে ইয়ামালের পাশে থাকবেন পেদ্রি, ফেরান টোরেস, দানি ওলমো, গাভি, পাউ কুবারসির মতো ফুটবলাররা। মেসি নাম করে না বললেও, এমবাপের জন্য ফ্রান্স, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য পর্তুগালকে একইরকম ফেবারিটের তালিকায় রেখেছেন।

মেসির মতে, ‘‌ জানি, আর্জেন্টিনা যে টুর্নামেন্টেই খেলুক, সেটা কোপা আমেরিকা, বিশ্বকাপ বা অন্য কিছুতে, আমাদের সমর্থকরা সবসময়ই দলের জয় চায়। সেটাই স্বাভাববিক। কিন্ত এটা মাথায় রাখতে হবে, বিশ্বকাপে বাকি দলগুলো একইরকম তো বটেই, বরং কেউ কেউ আরও বেশি তৈরি হয়ে আসছে দলগত শক্তি বাড়িয়ে। আর্জেন্টিনা মাঠে নামবে সেরা দিতে, যেমন সবসময় দেয়। বিশেষ করে আমাদের বর্তমান দলটার মধ্যে একটা আলাদা জোস আর একতাবোধ আছে। পাশাপাশি এটা না মেনে উপায় নেই, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও ২০২২ কাতার বিশ্বকাপে রানার্স ফ্রান্স দলটা সমীহ আদায় করে নেওয়ার জায়গায় আছে। স্পেনের পাশাপাশি ব্রাজিলকে নিয়েও ভাবতে হবে। যদিও ব্রাজিল বর্তমানে ততটা ভাল জায়গায় নেই। তবে বিশ্বকাপের আসরে ওরা যে চেগে উঠবে চমক দেবে না, এমনটা কে বলতে পারে আগাম?‌ একইসঙ্গে জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগাল যথেষ্ট লড়াকু দল। বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। আর প্রতি বিশ্বকাপেই কোনও না কোনও বাড়তি চমক থাকে। এবারও সেটা ঘটলে অবাক হওয়ার কিছু নেই।’‌

এখন দেখার সারা বিশ্ব যে উপভোগ্য লড়াইয়ের অপেক্ষায় বসে আছে, সেই মেসি ও রোনাল্ডো দ্বৈরথ ঘটে কিনা ২০২৬ বিশ্বকাপের আসরে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *